নামকরণ
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারির একাংশ শচীন টেন্ডুলকারের নামে রেখে সম্মানটা জানিয়েছে আগেই। এবার সংস্থাটি পুরো একটি স্টেডিয়ামের নাম পাল্টে ফেলল টেন্ডুলকারের সম্মানে। কাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কান্ডিভিলি গ্রাউন্ডের নাম পাল্টে রাখা হয়েছে শচীন টেন্ডুলকার জিমখানা গ্রাউন্ড।
১৪ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিয়ারের ২০০তম ও শেষ টেস্ট খেলতে যাওয়া টেন্ডুলকারকে কাল একই সঙ্গে সংবর্ধনাও দিয়েছে এমসিএ। জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠানে টেন্ডুলকারসহ উপস্থিত ছিল পুরো ভারতীয় ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। উপস্থিত ছিলেন এমসিএ সভাপতি শারদ পাওয়ার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যাবনও। তাঁর বিদায়টাকে ‘জমকালো’ করে তোলার জন্য গণমাধ্যম ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন টেন্ডুলকার।
কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনও (কেসিএ) কাল সিদ্ধান্ত নিয়েছে কোচির নেহরু স্টেডিয়ামে একটি প্যাভিলিয়নের নাম টেন্ডুলকারের নামে রাখার। ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডের আগের দিন ২০ নভেম্বর হবে নামকরণ অনুষ্ঠান। এদিকে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ধর্মশালায় নিজেদের দপ্তরে টেন্ডুলকারের জাদুঘর নির্মাণের ঘোষণা দিয়েছে। ওয়েবসাইট।