রূপকথা লিখছে লেস্টার সিটি। শেষ অধ্যায়টা লেখাই শুধু বাকি। পুরো ফুটবল-বিশ্বকে বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের একেবারে কাছে চলে গেছে দলটি। লেস্টারের স্বপ্নযাত্রার প্রধান সারথি জেমি ভার্ডি। ১৯ গোল করে আপাতত সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে এই ইংলিশ স্ট্রাইকার। ক্লাবটির সমর্থকেরা দাবি তুলেছেন, তাঁর নামে লেস্টারের কোনো একটি রাস্তার নামকরণ করা হোক। শহরটির মেয়র দাবিটা মানছেন না। মানবেনই বা কেন, ফুটবল কি ব্যক্তিগত খেলা! তাঁর বক্তব্য, দল আগে চ্যাম্পিয়ন হোক তারপর দেখুন কী করি, সব খেলোয়াড়ের নামেই নামকরণ হবে, ‘এটা দলীয় প্রচেষ্টার ফসল। তাই ভার্ডি ভেলের পাশাপাশি স্মেইকেল স্ট্রিট, ড্রিংকওয়াটার ড্রাইভ ও রানিয়েরি রোডও তো দরকার’। খেলোয়াড়দের নামে রাস্তার নামকরণের ব্যাপারে অবশ্য লেস্টারের সুনাম আছে। শহরের একটি এলাকার নাম গলফারদের নামে, আছে গ্যারি লিনেকার রোডও। এএফপি।