নামছে ইউরোপ পরাশক্তিরাও
আগামীকাল কাতারের দোহায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। নিশ্চিত করেই বলা যায়, ফুটবলপ্রেমীদের কৌতূহলী দৃষ্টিটা এই ম্যাচই টানবে বেশি। এটাও নিশ্চিত, খাঁটি ফুটবলপ্রেমী মাত্রই দৃষ্টিটা শুধু এই ম্যাচেই শুধু আবদ্ধ করে রাখতে পারবেন না। এদিন দুনিয়াজুড়ে যে হবে আরও এক রাশ ম্যাচ। ঠিক কতটি ম্যাচ হবে, এক ঝলকে সংখ্যাটা জেনে নিন—এক যোগে হবে ৪৯টি ম্যাচ! মাঠে নামবে ইউরোপের সব পরাশক্তিই। লন্ডনে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স। লিসবনে পর্তুগালের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আমস্টারডামে বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ডের সামনে তুরস্ক। সুইডেন নিজেদের দেশে অভ্যর্থনা দেবে জার্মানিকে। ক্লাগেনফুর্টে রোমানিয়ার অতিথি হয়ে যাবে ইতালি। আফ্রিকার পরাশক্তি মিসর, নাইজেরিয়া, ঘানা, এশিয়ার ইরান, ইরাক—মাঠে নামার আশায় শরীর গরম করছে সবাই।বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সর্বশেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছে ৪-০ গোলে। পর্তুগাল মিশনকে তাই ধরে নেওয়া যায় ভিসেন্তে দেল বস্কের দলের সেই ক্ষতে প্রলেপ দেওয়ার মিশন। দল দুটি এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩৩ বার। অতীত বলছে মুখোমুখি দ্বৈরথে স্পেন যোজন যোজন এগিয়ে। তারা জিতেছে ১৬ বার, বিপরীতে পর্তুগাল ৫ বার। এই পরিসংখ্যানের সঙ্গে যায় সাম্প্রতিক পারফরম্যান্সও। বিশ্ব ফুটবলের বড় দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন এই মুহূর্তে ঠিক সুন্দর ফুটবল খেলতে থাকা স্পেন।তার পরও সংশয় আছে। পর্তুগাল স্পেনের প্রতিবেশী। ব্রাজিলিয়ান ছন্দে সুন্দর ফুটবলের কৌশলটা তাদেরও রপ্ত। আর আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের জন্য আরও একটা ভয়, চোটের কারণে দলে নেই স্ট্রাইকার ফার্নান্দো তোরেস।পরিসংখ্যান ইংল্যান্ডেরও পক্ষে। ফ্রান্সের সঙ্গে ২৭ সাক্ষাতের ১৬টিতেই জয়োৎসব করেছে ইংলিশরা। ফরাসিদের জয় ৭ ম্যাচে। কোচ ফ্যাবিও ক্যাপেলোর দলকে এগিয়ে রাখছে আরও একটি তথ্য, ম্যাচটি হবে লন্ডনে। তার পরও লরাঁ ব্লাঁর দলকে নিয়ে চিন্তিত ক্যাপেলো, কারণ চোটের কারণে খেলতে পারবেন না রক্ষণভাগের দুই সেনানী জন টেরি ও অ্যাশলে কোল।বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ডের প্রধান স্বস্তি, ঘরের মাঠে খেলবে তারা। প্রতিপক্ষও অপেক্ষাকৃত কম শক্তির তুরস্ক। যদিও পরিসংখ্যান বলছে, দুই দলই একই সুতোয় বাঁধা। ৭ সাক্ষাতে জয় সমান দুটি করে। বাকি ৩ ম্যাচ ড্র। তার পরও ফন মারউইকের দলকে এগিয়ে রাখতে হচ্ছে। তারুণ্যের প্রতি ঝুঁকে পড়া জার্মান কোচ জোয়াকিম লো সুইডেন যাচ্ছেন সম্ভবত জার্মানির ইতিহাসে সবচেয়ে তরুণ দল নিয়ে। দলে চারজন একেবারেই আনকোরা। সম্পূর্ণ ভিন্ন কারণে একই পরিস্থিতির মুখে ইতালি কোচ সিজারে প্রানদেল্লি। আক্রমণভাগের সেরা তারকাদের রেখেই রোমানিয়া যেতে হচ্ছে তাঁকে। এএফপি।