নামে কী আসে যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এদসন অরান্তেস দো নাসিমেন্তো, ম্যানুয়েল ফ্রান্সেসকো দস সান্তোস, এদুওয়ার্দো গোনালভেজ দে আন্দ্রাদে...নামগুলো কি একটু অচেনা ঠেকছে? ফুটবলের খোঁজখবর যাঁরা একটু বেশি রাখেন, নামগুলো হয়তো চিনে ফেলেছেন। বাকিদের জন্য জানার বিষয়—ওপরের তিন ভদ্রলোককে আমরা পেলে, গারিঞ্চা আর টোস্টাও নামে চিনি!শুধু এই তিন মহারথীই নন, ব্রাজিলের বেশির ভাগ ফুটবলারের ক্ষেত্রে ব্যাপারটা সত্যি। ফুটবলারদের কথাই বা কেন বলি, আসলে ব্রাজিলিয়ানদের বৈশিষ্ট্য এটাই—পারিবারিক নাম বা অফিসিয়াল নাম নয়, তারা পরিচিত হবেন ডাকনামে। এ কারণেই ব্রাজিলের ডাগ-আউটে দাঁড়িয়ে থাকা ‘কার্লোস কায়েতানো ব্লেদর্ন ভেরি’ নামের ভদ্রলোককে আমরা চিনি ‘দুঙ্গা’ বলে! কিংবা ‘রিকার্দো আইসন দস সান্তোস লেইতে’ নামে যে ভদ্রলোক মাঝমাঠ মাতিয়ে রাখেন, তাঁকে লোকেরা ‘কাকা’ বলে ডাকে। ‘রবসন দে সুজা’ ও ‘দোনিবার আলেক্সান্দার মারানগন’ যথাক্রমে ‘রবিনহো’ ও ‘দোনি’ নামে পরিচিত হয়ে যান। ‘এদিনালদো বাতিস্তা লিবানিও’ পরিচিত হয়ে গেছেন গ্রাফিতে নামে। একই কারণে ‘লুসিমার ফেরেইরা দা সিলভা’কে আমরা চিনি লুসিও নামে। ডাকনাম দুনিয়ার সব দেশের লোকেরই আছে। কিন্তু সমস্যাটা হলো, বেশির ভাগ দেশের মানুষের ডাকনামটা তোলা থাকে একান্ত কাছের মানুষদের জন্য। কিন্তু ব্রাজিলের ব্যাপারটা উল্টো। তাঁরা ডাকনামেই পরিচিত হতে গর্ববোধ করেন। বাকিদের কথা বাদ দিন, এখন ব্রাজিলের যিনি প্রেসিডেন্ট, তাঁরও গালভরা একটা নাম আছে—লুইস ইনাসিও লুলা দা সিলভা। কিন্তু দেশের মন্ত্রী থেকে শুরু করে রাস্তার ফকির পর্যন্ত তাঁকে ডাকে ‘লুলা’ বলে।যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পর্তুগিজ ভাষাবিষয়ক বিভাগের পরিচালক লিরিস উইডেম্যান জানাচ্ছেন, এটাই আসলে ব্রাজিলের সংস্কৃতি। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই অধ্যাপক বলছেন, ব্রাজিলের মানুষ মনে করে, ইউরোপ-আমেরিকার মতো পারিবারিক নামে পরিচিত হওয়াটা কোনো কাজের কথা নয়, ‘আমরা শেষ নামটা ব্যবহার করি না। আমরা ব্যক্তিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আর পারিবারিক নাম কোনো ব্যক্তিকে চিহ্নিত করে না।’ফলে ইংল্যান্ডের ডেভিড বেকহাম সবার মুখে ‘বেকহাম’ হয়ে যান। কিন্তু রোনালদো লুইস নাজারিও দে লিমা লোকেদের মুখে হয়ে পড়েন শুধু ‘রোনালদো’। এই রোনালদোর নাম নিয়েই বা কম মুশকিল কিসে!রোনালদো নামে গত দুই দশকে অন্তত জনা চারেক খেলোয়াড় এসেছেন ব্রাজিলের জাতীয় দলে। ফলে শুধু ডাকনাম ‘রোনালদো’ দিয়ে আর কাউকে আলাদা করা চলছিল না। শুরু হলো ‘ইনহো’ যোগ করে নামের পর ‘ছোট’ বসিয়ে দেওয়া। এখন যিনি ‘রোনালদো’ নামে পরিচিত, সেই ব্রাজিলিয়ান স্ট্রাইকারও কিন্তু প্রথম দিকে দলে এসে ‘রোনালদিনহো’ মানে ‘ছোট রোনালদো’ হয়ে গিয়েছিলেন। এরপর দলে আরও একজন রোনালদো (এখনকার রোনালদিনহো) এলেন। তাঁকে ‘রোনালদিনহো’ বললেও চলছিল না। তাই তাঁর নাম হলো—রোনালদিনহো গাউচো, মানে গাউচো এলাকার ছোট রোনালদো।এলাকার নাম ব্যবহারে বাধ্য হওয়ার সবচেয়ে বিচিত্র এবং জটিল গল্পটা দুই জুনিনহোকে নিয়ে। ‘আন্তোনিও আউগুস্তো রিবেরিও রেইস’ পরিচিত ছিলেন ‘জুনিনহো পারনামবুকানো’ নামে এবং ‘ওসভালদো জিরোলদো’ পরিচিত ছিলেন ‘জুনিনহো পলেস্তা’ নামে। আসলে দুজনের নামের শেষেই পারিবারিকভাবে যুক্ত ছিল ‘জুনিয়র’। কোনো একসময় অন্য কোনো জুনিয়রের সংস্পর্শে আসায় দুজনেরই নাম হয়ে যায় ‘জুনিনহো’, মানে ছোট জুনিয়র! এতেও কূল পাওয়া গেল না। দুই ‘ছোট জুনিয়র’ একসঙ্গে চলে এলেন জাতীয় দলে। এবার দুজনের নামের শেষে বসিয়ে দেওয়া হলো ‘পারনামবুকানো’ ও ‘পলেস্তা’। সব মিলিয়ে নাম দুটির অর্থ দাঁড়াল ‘পারনামবুকো এলাকার ছোট জুনিয়র’ এবং ‘পলিস্তা শহরের ছোট জুনিয়র’!একই ডাকনামের একাধিক খেলোয়াড় ব্রাজিল দলে এলে অনেক সময় ‘আও’ যোগ করে ‘বড়’ বলে চিহ্নিত করা হয়। আন্দ্রেসন লুইস ডা সিলভাকে ‘লুইস’ নামে না ডেকে তাই ‘লুইসাও’ করে ফেলা হলো। বড়-ছোটর ব্যাপারটা না হয় বোঝা গেল। কিছু ডাকনামের পেছনে কিন্তু কিছু গল্পও থাকে। যেমন ‘রিকার্ডো’ নামটা উচ্চারণ করতে না পেরে তাঁর ছোট ভাই খেলোয়াড়টিকে ডাকত ‘কাকা’ বলে। আবার দস সান্তোসকে ‘গারিঞ্চা’ বলে এক কুৎসিত পাখির নামে ডাকতেন তাঁর ভাই!তার পরও এসব নাম কেন সমর্থকেরা পছন্দ করেন? উইডেম্যান একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘এতে তাদের অনেকটা কাছের মানুষ বলে মনে হয়। এ রকম নামে ডাকলে মনে হয়, ওই ফুটবলাররাও আমার বন্ধুদেরই একজন। এটা আসলে ব্রাজিলিয়ানদের নিজস্ব ব্যাপার।’ এটাই বোধহয় বড় কথা—ব্যাপারটা ব্রাজিলিয়ানদের নিজস্ব ব্যাপার। এপি।