নামে কীই-বা...
জিনেদিন ইয়াজিদ জিদান থিয়েরে অঁরি বার্থেজ এরিক ফেলিপে সিলভা সান্তোস।
পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছেন? তাহলে একবার ভাবুন তো, এই নামটা দিনে কয়েকবার আউড়াতে হলে কেমন লাগে! সাত বছরের ব্রাজিলিয়ান একটি ছেলেকে রোজ রোজ এই কাজটা করতে হয়। তাও সে পুরোটা এখনো একটানে বলতে পারে না, পরের দিকে ভুলে যায়। তা ছেলেটিরই বা দোষ কী? ১০ শব্দের নাম বলতে হলে প্রাপ্তবয়স্কদেরও হাঁপিয়ে ওঠার কথা! এত্তটুকুন ছেলের দেড় বিঘত লম্বা নাম!
কিন্তু ফুটবলারময় এই নামের উৎস কী? ছেলেটির বাবার ফুটবলপ্রেম! অনেক দিন থেকেই ফ্রান্সের ভক্ত বাবা পেত্রুসিও সান্তোস। একবার প্যারিসে গিয়ে প্রেমে পড়ে যান দেশটিরই। সেই ফরাসিপ্রীতির কারণেই ছেলের নামের সঙ্গে জুড়ে দেন জিনেদিন জিদান, থিঁয়েরে অঁরি, ফাবিয়ান বার্থেজ, এরিক ক্যান্টোনাদের মতো ফ্রেঞ্চ কিংবদন্তিদের নাম। ব্রাজিলের ছোঁয়া আছে শুধু ফেলিপে নামটাতে। নামের অংশ রাখা হয়েছে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির কারণে। একমাত্র সিলভা সান্তোস শব্দ দুটি যা একটু পারিবারিক পরিচয় বহন করছে!
পেত্রুসিও অবশ্য ছেলেকে জিদান বলেই ডাকেন। কিন্তু জিদান কি নামটা পছন্দ করে? সে যে একজন ব্রাজিলিয়ান, সেটাই বোঝা গেল, ‘আমি চাই আমাকে লুইস গুস্তাভো ডাকা হোক’! এএফপি।