নামেই ডি ক্রুইফের ‘রুদ্ধদ্বার’ ম্যাচ
ম্যাচ শুরুর আগে বাফুফের মিডিয়া ম্যানেজার এসে সাংবাদিকদের বললেন, ‘প্লিজ, আপনারা চলে যান। না গেলে কোচ খেলা শুরু করবেন না।’ তখনো মাঠে বেশ কিছু দর্শক এবং স্থানীয় অনেক কোচ-কর্মকর্তা। বলা হলো, সবাইকে মাঠ থেকে বের করলে তবেই দল মাঠে নামাবেন লোডভিক ডি ক্রুইফ। সাংবাদিকেরা চলে গেলেও বাকি সবাই রয়ে গেলেন। এরপর শুরু হলো ম্যাচটা। রুদ্ধদ্বার অনুশীলন বা অনুশীলন ম্যাচ দুনিয়াজুড়ে হয়েই থাকে। কিন্তু এটা বাংলাদেশে নতুন। এর আগে বাংলাদেশে কোনো বিদেশি কোচ এভাবে ‘রুদ্ধদ্বার’ ম্যাচ খেলতে চাননি। কিন্তু ডি ক্রুইফ চাইলেন এবং তা তিনি চাইতেই পারেন। মজাটা হলো, রুদ্ধদ্বার তিনি রাখতে পারেননি। স্টেডিয়ামে বিভিন্ন ফেডারেশনের জানালা খুলে ম্যাচটা ঠিকই দেখলেন সাংবাদিকেরা। ফটো সাংবাদিকদের বের করে দিলেও তাঁদেরও কেউ কেউ ঠিকই লুকিয়ে-ছাপিয়ে ছবি নিলেন। রুদ্ধদ্বারের নামে আসলে একটা নাটকই হলো কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।৩১ আগস্ট কাঠমান্ডুতে শুরু সাফ টুর্নামেন্টের জন্য দলটাকে একটু নিরিবিলি দেখতে চান বলেই হয়তো এই রুদ্ধদ্বার ম্যাচ ডি ক্রুইফের। কিন্তু তাঁর মেজাজটা চড়ে যাচ্ছে, সেটিও বোঝা যাচ্ছে আচরণে। দিন তিনেক আগে স্থানীয় বাফুফে একাদশের বিপক্ষে জাতীয় দলের অনুশীলন ম্যাচ দেখে জাতীয় দলের সমালোচনা করেছিলেন স্থানীয় এক কোচ। পরদিন বেশ ক্ষোভের সঙ্গেই সেটির জবাব দিয়েছিলেন ডাচ কোচ। বলেছিলেন, ‘ওই কোচ জানেনই না আমরা কী করছি।’এমন পরিস্থিতিতে কাল আফ্রিকান ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া মিশ্র একাদশের সঙ্গে অনুশীলন ম্যাচটা খেলল জাতীয় দল। জাতীয় দল জিতেছে ১-০ গোলে। সেটি অবশ্য বড় ব্যাপার নয়। আসল কথা, জাতীয় দল কেমন খেলল? দলটাকে কতটা তৈরি করতে পারলেন ডি ক্রুইফ?এই ম্যাচ দেখে এটা বলা যায়, বাংলাদেশ দল মোটামুটি তৈরিই। কাল বল পজেশন বেশ ভালো ছিল, বল দেওয়ার-নেওয়ায় বোঝাপড়াটা তৈরি হয়েছে। পাসিংও অন্যদিনের তুলনায় ভালো ছিল। ডি ক্রুইফের ‘বিল্ডআপ’ ফুটবলটা এদিন খেলতে পেরেছে দল। সমস্যা দেখে গেছে রক্ষণে। আক্রমণে ওঠার পর দলের রক্ষণে ধরা পড়ল বড় বড় ফাঁকফোকর। ২০-২৫ মিনিটে এমন দুটি পরিস্থিতির একটিতে গোলরক্ষক মামুন খান ভালো সেভ করেছেন। তবে এই দলের গোল করার ক্ষুধাটা আগের মতো কমই মনে হচ্ছে। গোল করার চিরায়ত দুর্বলতা ফুটে উঠেছে এই ম্যাচেও। সুযোগ নষ্ট হয়েছে অনেক। এমিলি-মোবারক গোল মিস করেছেন। তবে মিঠুন সে পথে হাঁটেননি, ৭২ মিনিটে মোবারকের পাস থেকে ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনিই।ম্যাচের পর কোচকে স্বাভাবিকই দেখাল। অন্তত ক্ষুব্ধ ছিলেন না। সাফের আগে এটিও তো ভালো খবর।