নামেই প্রথম বিভাগ লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন বছর হকির সঙ্গে কোনো যোগাযোগ নেই শাহেদ হাসানের। শেখ বোরহানুদ্দীন কলেজের ছাত্র খুবই হতাশায় ভুগতেন। হকি আবার কখনো মাঠে ফিরতে পারবে কি না, তাঁর খেলা হবে কি না—এসব ভাবলে কেবল হতাশাই ঘিরে ধরত কম্বাইন্ড স্পোর্টিংয়ের উইঙ্গারকে। অবশেষে দলবদলের তারিখ ঘোষণা হওয়ার পর তাঁর মুখে হাসি ফুটেছে। শুধু শাহেদই নন, প্রথম বিভাগ দলবদলের কারণে হকি খেলা ভুলতে বসা অনেক খেলোয়াড়ই হচ্ছেন মাঠমুখী।প্রথম বিভাগ হকির দলবদল শুরু হয়েছে কাল থেকে। তবে এবারের প্রথম বিভাগ লিগটা হবে নামমাত্র। খেলোয়াড়েরা ম্যাচ খেলার সুযোগ পাবেন কম। ১০টি দল নিয়ে প্রথম বিভাগ শুরু হওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ সমস্যার কারণে লিগে খেলবে না রেলওয়ে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বর্ণক সমাজ, ফরাশগঞ্জ, ব্যাচেলার্স ক্লাব, মুক্ত বিহঙ্গ, ভিক্টোরিয়া, শিশু-কিশোর সংঘ, ওয়ান্ডারার্স ক্লাব, উত্তরা হকি ক্লাব ও কম্বাইন্ড এসএসি। চার দলের গ্রুপে মাত্র তিনটি করে ম্যাচ শেষে সুপার ফোর পর্ব হবে। যেখানে লিগ ভিত্তিতে খেলবে দুই গ্রুপের শীর্ষ দুই দল। তাই তিনটি মাত্র ম্যাচ খেলেই লিগ শেষ হয়ে যেতে পারে কোনো দলের। এবার অবনমনও থাকছে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর ব্যাখ্যা, ‘তিন বছর ধরে লিগ হচ্ছে না। দীর্ঘ বিরতিতে বলতে গেলে হকির সঙ্গে কোনো সম্পর্কই নেই খেলোয়াড়দের। তাই প্রথমে এদের খেলায় ফেরানোর উদ্দেশ্যই আসল।’ অবনমন নেই কেন? উত্তরে রহমতউল্লাহ জানালেন, ‘আমরা লিগে দশটি দল রাখতে চাই। এ জন্য এবার কোনো দলকে দ্বিতীয় বিভাগে নামতে হবে না। বরং দ্বিতীয় বিভাগ থেকে একটা দল উঠিয়ে আনব। এ জন্যই রেলিগেশন রাখিনি। সব ক্লাবও অনুরোধ করেছে রেলিগেশন বাদ দিতে।’ কাল দল বদলের প্রথম দিনে ২৬ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছে।