উইকেটের চরিত্র ঠিকঠাক বুঝেছিলেন দুই অধিনায়কই। দ্বিতীয়ার্ধে এটি ধীরগতির হয়ে যাবে, বল নিচু হয়ে আসবে, শট খেলা যাবে না—এটা বুঝেও মিসবাহ-উল-হক কেন পরে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন, এটা একটা প্রশ্ন বটে। ওয়েস্ট ইন্ডিজের ২৩২ রানই তাই পাহাড়সম ঠেকল মিসবাহর দলের সামনে। তার ওপর বল হাতে অনেক দিন পর ফর্মে ফিরলেন সুনীল নারাইন। একজন শহীদ আফ্রিদি থাকলে অবশ্য এর পরও ম্যাচ জেতা যায়। কিন্তু পরশু রাতে গায়ানাতে ব্যর্থ তিনিও। পাকিস্তান তাই হারল। থেমে গেল ১৯৫ রানেই। ওয়েস্ট ইন্ডিজের ৩৭ রানের জয়ে সিরিজে ১-১ সমতা। সেন্ট লুসিয়ায় সিরিজের পরের ম্যাচ আগামীকাল। সিদ্ধান্তটা যে ভুল ছিল, সেটা অবশ্য সরাসরি স্বীকার করেননি পাকিস্তান অধিনায়ক। তিনি কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষ বোলারদের, একই সঙ্গে দায় চাপিয়েছেন নিজ দলের ব্যাটসম্যানদের ওপরও, ‘আমিও বুঝতে পেরেছিলাম উইকেট স্লো হয়ে যাবে এবং বোলাররা টার্ন পাবে। তবে ওরা ভালো বল করেছে। আমরা শট নির্বাচনে ভুল করেছি এবং তাড়া করতে নেমে ভুল সময়ে উইকেট হারিয়েছি।’ একই অভিযোগে অভিযুক্ত মিসবাহ নিজেও। ৬৪ রানে ২ উইকেট হারানোর পর ওপেনার নাসির জামশেদকে নিয়ে হাল ধরেছিলেন। কিন্তু ২৯তম ওভারে হঠাৎ করেই অফ স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে উইকেট দিলেন শততম ওয়ানডে খেলতে নামা ড্যারেন স্যামিকে। নাসির জামশেদ এদিন যেন ভাগ্যের বরপুত্র, চারবার ‘জীবন’ পেয়েছেন। কিন্তু দলের যখন তাঁকে দরকার, সেই মুহূর্তে তিনিও কাইরন পোলার্ডকে উইকেট দিলেন ৯৩ বলে ৫৪ রানের খোঁড়ানো ইনিংস খেলে। তবে পাকিস্তানের সবচেয়ে বড় সর্বনাশটা করেছেন সুনীল নারাইন মাত্র ৫ রানে আগের ম্যাচের নায়ক আফ্রিদিকে ফিরিয়ে দিয়ে। আগের তিন ওয়ানডেতে উইকেটশূন্য থাকা স্পিনার পরশু ফর্মে ফিরলেন ম্যাচসেরা পারফরম্যান্সে (৪/২৫)। ম্যাচ শেষে প্রতিক্রিয়া শুনেও বোঝা গেল, উইকেটের চরিত্রটা সবচেয়ে ভালো পড়তে পেরেছিলেন তিনিই, ‘আমি একটু জোরে বল করেছি কারণ কিছু বল নিচু হয়ে যাচ্ছিল, কিছু উঠছিল। এটা সহজ উইকেট ছিল না।’
টপ-অর্ডারের ব্যর্থতায় শেষ ১০ ওভারে পাকিস্তানের প্রয়োজন দাঁড়াল ৮২ রান। উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমল তখনও আশা হয়ে ছিলেন। কিন্তু ওপাশে ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকায় আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি তিনি। পর পর দুই বলে উমর আকমল আর আসাদ আলীকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানের আশার শেষ প্রদীপটুকু নিভিয়ে দেন ডোয়াইন ব্রাভো। তবে এর আগে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজকে লড়ার মতো সংগ্রহ এনে দেওয়ার জন্য সৎ ভাই ড্যারেন ব্রাভো ও উইকেটরক্ষক জনসন চার্লসের প্রশংসা তাঁর কণ্ঠে, ‘আমরা শুরুতেই গেইলকে হারিয়েছিলাম। কিন্তু আমার ছোট ভাই আর চার্লস মিলে ইনিংসের ভিত গড়ে দিয়েছে।’
দুজনের গড়ে দেওয়া ভিতটাকে পরে আরেকটু মজবুত করেছেন তিনি নিজে (৪৩*) ও কাইরন পোলার্ড (২৭ বলে ৩০)। কিছুটা অবদান আছে পাকিস্তানি বোলারদেরও। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে অতিরিক্ত খাতেই ৩৮ রান! এর মধ্যে ২২ রান এসেছে নো আর ওয়াইড থেকে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৩২/৮। ড্যারেন ব্রাভো ৫৪, ডোয়াইন ব্রাভো ৪৩*, চার্লস ৩১, পোলার্ড ৩০; আফ্রিদি ২/২৯, আজমল ২/৪৫)। পাকিস্তান: ৪৭.৫ ওভারে ১৯৫ (জামশেদ ৫৪, আকমল ৫০; নারাইন ৪/২৬, ডোয়াইন ব্রাভো ২/৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সুনীল নারাইন।