নারাইনের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল নারাইন
সুনীল নারাইন

টিম সাউদি, মিচেল স্টার্করা আগুন ঝরাচ্ছেন। ইমরান তাহির, অশ্বিনদের স্পিনের জালেও আটকে যাচ্ছেন ব্যাটসম্যানরা। অথচ বিশ্বকাপে নেই আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর বোলার! কয়েক বছর ধরেই ছিলেন ‘রহস্যস্পিনার’ হয়ে। সুনীল নারাইনের আলোয় আলোকিত হতে পারত বিশ্বকাপের মঞ্চ। ত্রুটিপূর্ণ অ্যাকশন নিয়ে কাজ করবেন বলে নিজে থেকেই সরে দাঁড়ালেন এই মঞ্চ থেকে। ওয়েস্ট ইন্ডিজ কি তাঁর অভাবটা অনুভব করছে না?
করছে এবং বেশি মাত্রায়। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েডই তো সেটি বলেই দিলেন, ‘সুনীল (নারাইন) ওয়ানডেতে সেরা বোলারদের মধ্যে একজন। তার অভাবটা আমরা টের পাচ্ছি। ধারাবাহিকভাবে তিন শ এর মতো রান করছি আমরা। সে থাকলে প্রতিপক্ষ এই রান তাড়া করে জিততে পারত না।’
ইকোনমি রেট বলুন বা উইকেট নেওয়ার ক্ষমতা, সুনীল নারাইনের অভাব সবখানেই। তবে বাস্তবতা মেনে নিয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘সে তো এখানে নেই। তাকে ছাড়াই আমাদের কাজ চালিয়ে নিতে হবে।’
টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। নারাইন নিজেকে সরিয়ে নিয়ে কাজ করছিলেন অ্যাকশন শোধরানোর। প্রাথমিকভাবে বৈধও প্রমাণিত হয়েছিল অ্যাকশন। এরপর রিজিওনাল ওয়ানডে কাপে ত্রিনিদাদ ও টোবাগোকে শিরোপা জিতিয়েছেন অসাধারণ বোলিং করে। তার পরও বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন। এখন আবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক সূত্র বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নাকি আরও সময় লাগবে তাঁর। লয়েড অবশ্য তেমন মনে করেন না, ‘অ্যাকশন সে শুধরে নিয়েছে, যা স্বীকৃতিও পেয়েছে। আমার মনে হয় না এ নিয়ে আর কথা বলার দরকার আছে।’
তাহলে নারাইন এখন কোথায়? উত্তর লয়েড নিজেও জানেন না, ‘আমি তার এজেন্টের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সফল হইনি।’
তবে নারাইন আছেন লয়েডের ভবিষ্যৎ পরিকল্পনায়, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলার ব্যাপারে সে আমাকে কথা দিয়েছে। আশা করছি, ইংল্যান্ডের সঙ্গে সিরিজে আমরা তাকে পাব। আমি আশায় আছি।’
ওয়েস্ট ইন্ডিজ দলে তাঁর জন্য হাহাকারটা কি জানেন নারাইন? আইএএনএস, জ্যামাইকান অবজারভার।