নারাইনের ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ডিসেম্বর তারিখটা এখন সুনীল নারাইনের মনে স্থায়ী জায়গা পেয়ে যেতেই পারে!গত বছরের ৫ ডিসেম্বর বহু আলোচিত রহস্য স্পিনারের আন্তর্জাতিক অভিষেক। ভারতের বিপক্ষে আহমেদাবাদের ওয়ানডে দিয়ে। ঠিক এক বছর পর, কাল আরেকটি ৫ ডিসেম্বর নারাইনের নিজেকে ফিরে পাওয়ার দিবস। পুনর্জন্ম ধরনের কিছু বলার সময় হয়তো হয়নি, তবে সংশয়ের কালো মেঘ দূর করার দিন অবশ্যই। অদ্ভুত মিল আছে প্রেক্ষাপটেও। অভিষেকের সময় ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ২-০-তে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। অভিষেকে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে দলের জয়ের ভালোই অবদান রেখেছিলেন নারাইন। কালও সিরিজে ২-০-তে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল দল। এবার ৪ উইকেট নিয়ে সহজ করে দিয়েছেন ব্যাটসম্যানদের কাজ। তবে কালকের পারফরম্যান্সটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সম্ভবত তাঁর নিজের জন্যই। ‘রহস্য স্পিনার’ উপাধিটাকেই যে হাস্যকর বানিয়ে ছাড়ছিল বাংলাদেশ! সিরিজ-পূর্ব আলোচনায় বাংলাদেশের জন্য সবচেয়ে আতঙ্ক ছড়ানো নামটি ছিল নারাইন। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে ঘোল খাইয়ে ছাড়ছিলেন, এটা তো সবচেয়ে বড় কারণ। আতঙ্কের আরেকটা বড় কারণ, অপ্রথাগত স্পিনারদের সাধারণত খুব ভালো খেলে না বাংলাদেশ। এই ইতিহাস আর আতঙ্ক-হুমকিকে কী দারুণভাবেই না বুড়ো আঙুল দেখাচ্ছিল বাংলাদেশ!টেস্ট সিরিজে ৭৮.৩ ওভার বোলিং করে মোটে ৩ উইকেট জুটেছিল ৩৪৩ রান খরচায়। প্রথম দুই ওয়ানডেতে ১ উইকেট ১৮ ওভারে ৮৭ রান দিয়ে। এই পরিসংখ্যানও আসলে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছে না ওই সময়ে নারাইনের দুর্দশা। বাংলাদেশের ব্যাটসম্যানরা কত সহজে নারাইনকে খেলেছেন, সেটা বিস্ময় ছড়িয়েছে ক্রিকেট-বিশ্বে। নারাইন ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন শুধু উইকেট পেয়েই নয়, উইকেটগুলো যেভাবে পেয়েছেন। আউট করার আগে ব্যাটসম্যানদের নাচিয়ে-কাঁদিয়ে-হতভম্ব করে-বোকা বানিয়ে ছাড়ছিলেন। হাত থেকে বেরোনো এককটি বল যেন ছিল একেকটি ধাঁধা। কিন্তু সেই ধাঁধা যেন খোলা বই হয়ে গেল বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য! অবশেষে কাল খুঁজে পাওয়া গেল পরিচিত নারাইনকে। নিজের সেরা রহস্যময় চেহারায় কালও ছিলেন না। তবে যতটুকু খুঁজে পেয়েছেন নিজেকে, তাতেই বেশ ভুগতে হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের। আগের ম্যাচগুলোর তুলনায় কাল একটু ওপরে বল করার চেষ্টা করেছেন নারাইন। উইকেটের টার্ন ও বাউন্সও দারুণ সহায়তা করেছে তাঁকে। দারুণ শুরুর পরও তাই পথ হারাল বাংলাদেশ। একটু বাড়তি লাফানো বলে কট বিহাইন্ড তামিম, ওই ওভারেই একটু জোরের ওপর করা বলে আগেভাগেই শট খেলে ক্যাচ দিলেন নাঈম। এনামুলকে কটবিহাইন্ড করেও উইকেট পেলেন না নো বল হওয়ায়। মাঝখানে ফ্রি-হিটের বলটার পরই অবশ্য বিদায় করে দিলেন তাঁকে। পাওয়ার প্লেতে এসে আরেকটি দারুণ ডেলিভারিতে স্টাম্পড মাশরাফি।কালকের নারাইনকে কৃতিত্ব দিতে হবে আরেকটা জায়গাতেও। ভেস্তে দিতে পেরেছেন বাংলাদেশের পরিকল্পনা। আক্রমণই সেরা রক্ষণ—নারাইনকে সামলাতে এটাই ছিল বাংলাদেশের মন্ত্র। শুরুটা হয়েছিল শাহরিয়ার নাফীসের হাত ধরে। টেস্ট সিরিজে নারাইনের তৃতীয় বলেই দারুণ এক কভার ড্রাইভে ৪ মেরেছিলেন শাহরিয়ার। পরের ওভারে তিন বলের মধ্যে দুবার ডাউন দ্য উইকেট গিয়ে দুটি ছয় সাকিব আল হাসানের। পুরো সিরিজে নারাইনকে খেলার পথ দেখিয়েছিল সেটাই। টেস্ট কি ওয়ানডে, যখনই নারাইন আক্রমণে এসেছেন, আচমকা আক্রমণে তাঁকে হতভম্ব করে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। থিতু হওয়ার সুযোগই দেননি। এমনকি ওয়ানডে সিরিজেও প্রথম দুই ম্যাচে তরুণ এনামুল-মমিনুলদেরও বিন্দুমাত্র সমস্যা হয়নি নারাইনকে পড়তে। কালও নারাইনের দ্বিতীয় বলেই কভার ড্রাইভে চার এনামুলের। তবে এবার ঠিকই দারুণভাবে ফিরে এসেছেন নারাইন।না ফিরে উপায়ও ছিল না। নিজের যেমন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তেমনি দলেরও। দল ছিল বিব্রতকর সিরিজ হারের দ্বারপ্রান্তে, আর একাদশে জায়গা হারানোর দ্বারপ্রান্তে নারাইন। জ্বলে উঠলেন সময়মতোই। বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্নটাও অন্তত আরেকটটি ম্যাচ পিছিয়ে গেল এতেই!