নারাইনের সঙ্গে শীর্ষে জাদেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাফে শুধু সুনীল নারাইনের পাশেই বসেননি, রবীন্দ্র জাদেজা ধরে ফেলেছেন অনিল কুম্বলেকেও। কুম্বলের পর প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছেন এই বাঁহাতি স্পিনার, যেখানে আগে থেকেই ছিলেন সুনীল নারাইন। ১৯৯৬ সালের নভেম্বর-ডিসেম্বরের র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন কুম্বলে।জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে ৫ উইকেট নিয়ে চার ধাপ উঠে এসেছেন জাদেজা। দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে এসেছেন স্টিভেন ফিন। তবে এই সিরিজটা সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছে ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্রর জন্য। ১৮ উইকেট নিয়ে এক লাফে ৪৭ ধাপ এগিয়ে মিশ্র এখন ৩২তম। সেরা ১০ বোলারের মধ্যে বাংলাদেশের একজনই—১০ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২১ নম্বরে সাকিব আল হাসান। ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে অবশ্য সাকিবই (১৯)। ওয়ানডের সেরা অলরাউন্ডারের স্বীকৃতিটাও ধরে রেখেছেন সাকিব। তবে পরিবর্তন হয়েছে দ্বিতীয় স্থানে। শেন ওয়াটসনকে সরিয়ে সেখানে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা আর এবি ডি ভিলিয়ার্স ধরে রেখেছেন প্রথম দুটি স্থান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান করে তিন নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ৮২৯ পয়েন্ট তাঁর ক্যারিয়ার-সর্বোচ্চ। তথ্যসূত্র: আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি।