নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতেছে নারায়ণগঞ্জ জেলা। কাল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে স্বল্প রানের ফাইনালে ফরিদপুর জেলাকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এর আগে ১৯৯৭-৯৮ মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছিল নারায়ণগঞ্জ। মেঘলা আবহাওয়ায় টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৪২.৩ ওভারে ১০৯ রানেই অলআউট হয় ফরিদপুর। নারায়ণগঞ্জের দুই বোলার তায়েবুর পারভেজ ও সজীব দত্তের বাঁহাতি স্পিনেই সর্বনাশ হয় দলটির। তায়েবুর ১৬ রানে ৫টি ও অধিনায়ক সজীব ১৮ রানে নিয়েছেন ৩টি উইকেট। ইনিংস-সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত ছিলেন ফরিদপুরের মোহাম্মদ আসিফ। ৪ উইকেট হারিয়ে ১১০ রানের লক্ষ্য নারায়ণগঞ্জ ছুঁয়ে ফেলে ২২.৩ ওভারেই। ফরিদপুরের মতো নারায়ণগঞ্জেরও সর্বোচ্চ ইনিংসটি ২৯ রানের। ২৯ রানে অপরাজিত ছিলেন ৫ উইকেট নেওয়া বোলার তায়েবুর। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জেতা তায়েবুর হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টও। সংক্ষিপ্ত স্কোরফরিদপুর: ৪২.৩ ওভারে ১০৯ (আসিফ ২৯*, আরাফাত সানি জুনিয়র ২০, ফোরকান ১৯; তায়েবুর ৫/১৬, সজীব ৩/১৮)। নারায়ণগঞ্জ: ২২.৩ ওভারে ১১২/৪ (তায়েবুর ২৯*, জনি ২৬, শরীফ ২১*; শরীফ ২/২৩, ফোরকান ২/২৭)।ফল: নারায়ণগঞ্জ ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তায়েবুর পারভেজ।