নারায়ণগঞ্জ ডিএফএর পাশে ইপিলিয়ন
মোনেম মুন্না, গোলাম গাউস, জাকির হোসেন, সম্রাট হোসেন এমিলি, আশরাফ উদ্দিন আহমেদ (চুন্নু) থেকে শুরু করে বর্তমানের ওয়ালি ফয়সাল ও মোহাম্মদ সুজনদের মতো ফুটবলাররা উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে। দেশের ফুটবলের অন্যতম সূতিকাগার নারায়ণগঞ্জের রয়েছে গৌরবময় ফুটবল-ঐতিহ্য। তবে বর্তমানে নারায়ণগঞ্জের সেই জৌলুশ আর নেই। এই জেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)। আর তাদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে ইপিলিয়ন গ্রুপ। ইপিলিয়ন নারায়ণগঞ্জ ডিএফএকে বছরে ২৫ লাখ টাকা দেবে। আগামী তিন বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জে সর্বশেষ প্রথম বিভাগ ফুটবল হয়েছিল ২০০৯ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল শুকতারা ক্লাব। এরপর আর লিগ আয়োজন করতে পারেনি নারায়ণগঞ্জ ডিএফএ। সেই ব্যর্থতার দায় মেনে ডিএফএ সভাপতি আশরাফ উদ্দিন চুন্নু বললেন, ‘এবার থেকে সবকিছু নিয়মিত হবে।’ আগামী বর্ষপঞ্জিও ঘোষণা করা হয়েছে। এতে প্রথম বিভাগের পাশাপাশি রয়েছে দ্বিতীয় বিভাগ, কিশোর ফুটবল, গোল্ডকাপ ফুটবল, মহিলা ফুটবল। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের পর ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন তিন বছরের চুক্তিপত্রে সই করেন। ক্রিকেটের এই সংগঠক ফুটবলে এসেও তৃপ্ত, ‘নারায়ণগঞ্জে আমার ছেলেবেলা কেটেছে। নিজের জেলার জন্য কিছু করতে পারছি ভেবে খুব ভালো লাগছে।’