নারায়ণগঞ্জে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ক্রিকেট ম্যাচের টিকিট না পেয়ে গতকাল শুক্রবার সকালে শহরের চাষাঢ়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাচ ভাঙচুর করেছেন টিকিটপ্রত্যাশীরা। পরে তাঁরা সড়ক অবরোধ ও যানবাহনে ভাঙচুর করেন। এ সময় পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টিকিট কেনার আশায় গতকাল ভোর থেকে শহরের চাষাঢ়ায় অবস্থিত ইউসিবির (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) সামনে কয়েক শ ক্রিকেটপ্রেমী জড়ো হন। সকাল সাড়ে সাতটার দিকে ব্যাংক কর্তৃপক্ষের এক নোটিশে জানানো হয়, শুধু ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচের টিকিট ২ নভেম্বর নারায়ণগঞ্জ শাখা, টানবাজার থানা-সংলগ্ন এবং চাষাঢ়া শাখায় সকাল ১০টায় বিক্রি শুরু হবে। ১ নভেম্বর কোনো টিকিট বিক্রি হবে না।
ব্যাংকের নোটিশের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ক্রিকেটপ্রেমীরা ঢিল ছুড়ে ব্যাংকের কাচ ভাঙচুর করেন। পরে তাঁরা চাষাঢ়ার প্রধান বঙ্গবন্ধু সড়ক অবরোধ করেন এবং বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ২৫ জন আহত হন। পরে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা সকাল সাড়ে আটটা থেকে শহরের চাঁদমারীতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
টিকিট কিনতে আসা শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা আহমেঞ্চদ হোসেন, জামতলা এলাকার জোবায়ের ও ইসদাইর এলাকার ইশতিয়াক আহমেঞ্চদ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কয়েক দফা ঘোরানোর পর গত ২৭ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষ এক নোটিশে জানায়, আজ (গতকাল) শুক্রবার টিকিট বিক্রি করা হবে। কিন্তু ভোর থেকে অপেক্ষা করার পর তাঁদের জানানো হয়, আগামীকাল (শনিবার) টিকিট দেওয়া হবে বলে। অথচ কালোবাজারে ঠিকই টিকিট বিক্রি হচ্ছে। নারায়ণগঞ্জে ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে অথচ তাঁরা টিকিট পাবেন না, তা মানা যায় না। তাই প্রতিবাদে সড়ক অবরোধ করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ব্যাংক থেকে ওয়ানডে ম্যাচের টিকিট দেওয়া হবে জানতে পেরে অনেকে সেখানে ভিড় করেন। পরে ব্যাংকের নোটিশ পেয়ে ক্ষুব্ধ হন। ব্যাংকের গ্লাসে ইটপাটকেল ছোড়েন। পরে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করলে পুলিশ মৃদু লাঠিপেটা করে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ইউসিবির নারায়ণগঞ্জ শাখার সামনে টিকিটের জন্য ভিড় জমে। টিকিট না পেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই দিন ব্যাংক কর্তৃপক্ষ নোটিশে জানায়, ৩ নভেম্বর ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-নিউজিল্যান্ড এক দিনের আন্তর্জাতিক ম্যাচের টিকিট ১ ও ২ নভেম্বর এই শাখায় বিক্রি করা হবে। গতকাল ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।