নারায়ণগঞ্জের অস্থিরতার প্রভাব ক্রিকেটেও

সম্প্রতি গুম-খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব পড়েছে ক্রিকেটেও। ঘরোয়া ক্রিকেটের দুটি খেলার ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিবর্তন করা হয়েছে সময়সূচিও।
বাংলাদেশ ক্রিকেট লিগের দুটি ম্যাচ আজ শুরু হওয়ার কথা ছিল ফতুল্লা স্টেডিয়ামে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও সহিংসতার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে ম্যাচ দুটি। আগামীকাল শনিবার থেকে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। বিসিবির টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি জিয়াউর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের পরিস্থিতি কারণে আমাদের ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। ফাইনালের দিনক্ষণ নিয়েও আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। এটা ৮ বা ৯ তারিখে অনুষ্ঠিত হবে।’
গত ১২ জানুয়ারি শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট লিগ। এরপর শ্রীলঙ্কা সফর, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ছিল দীর্ঘ বিরতি। ২৮ এপ্রিল পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও তীব্র দাবদাহের কারণে খেলাগুলো ২ মে পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ক্রিকেটাররা।
আগামীকাল বিকেএসপির মাঠে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল।— ক্রিকইনফো