নারী ক্রীড়াবিদ নেবে সেনাবাহিনী
সেনাবাহিনী তাদের ক্রীড়া পরিসর বাড়াচ্ছে। শুধু তা-ই নয়, এই প্রথম ১৭টি খেলায় নিজস্ব মহিলা দলও গড়তে যাচ্ছে সেনাবাহিনী। এতে ক্রীড়াঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, নতুন অনেক খেলোয়াড়ের কর্মসংস্থানও হবে।
বর্তমানে সেনাবাহিনী পুরুষদের ১৪টি খেলায় অংশ নিচ্ছে। এগুলো হলো অ্যাথলেটিকস, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, সাঁতার, হকি, বক্সিং, জুডো, কারাতে, ভারোত্তোলন, কাবাডি, শুটিং, তায়কোয়ান্দো ও আর্চারি।
পুরুষ বিভাগে সেনাবাহিনী নতুন দল গড়বে ১২টি খেলায়—সাইক্লিং, উশু, কুস্তি, ফেন্সিং, শরীর গঠন, রাগবি, জিমন্যাস্টিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, টেনিস, গলফ ও স্কোয়াশ।
এত দিন মেয়েদের বিভাগে নিজস্ব কোনো দল ছিল না সেনাবাহিনীর। মেয়েদের কিছু কিছু খেলায় হয়তো অংশ নিয়েছে, তবে সেটি চুক্তিভিত্তিক খেলোয়াড় নিয়ে। এবারের বাংলাদেশ গেমসে ৬৯টি সোনা নিয়ে সেনাবাহিনী দ্বিতীয় হয়েছে। শীর্ষে থাকা আনসারের সংগ্রহ ছিল ১১১টি সোনা। আনসারের এই সাফল্যের পেছনে নারী ক্রীড়াবিদেরা রেখেছেন বিশাল অবদান।
অষ্টম বাংলাদেশ গেমসের পর থেকেই নারী ক্রীড়ার প্রসারে সেনাবাহিনী কাজ শুরু করে জোরেশোরে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিগগিরই সেনাবাহিনীতে নারী সৈনিক নিয়োগ দেওয়া হবে। এই প্রক্রিয়ায় নেওয়া হবে ৫০০ নারী ক্রীড়াবিদ, তাঁরা নিয়োগ পাবেন নারী সৈনিক পদে। এরপর যাচাই-বাছাই করে ওই নারীদের নিয়ে গড়া হবে বিভিন্ন খেলার দল। অভিজ্ঞ খেলোয়াড়েরা অগ্রাধিকার পেতে পারেন। পাশাপাশি উদীয়মান খেলোয়াড়দেরও নেওয়া হবে।
সবচেয়ে যেটি উল্লেখযোগ্য, এই খেলোয়াড়েরা পুরুষ ক্রীড়াবিদদের মতো সেনাবাহিনীর স্থায়ী নিয়োগ পাবেন। অর্থাৎ, নারী খেলোয়াড়দের জীবন-জীবিকার একটা নতুন পথ উন্মোচিত হতে চলেছে।
বাংলাদেশে তৃণমূল থেকে অনেক নারী খেলোয়াড় উঠে আসছেন এখন। বেশির ভাগই খুবই অসচ্ছল পরিবারের, যাঁদের কাছে সেনাবাহিনীর একটি চাকরি বড় অবলম্বন হবে। আনসার অনেক নারী খেলোয়াড়কে চাকরি দিয়েছে। খেলাধুলায় বিজেএমসির নারী বিভাগটাও বেশ বড়। সেনাবাহিনী এখন চাকরি দিলে নারী খেলোয়াড়েরা আরও উৎসাহ পাবেন, সন্দেহ নেই।
প্রথমবারের মতো যে ১৭টি খেলায় নারী দল গড়তে যাচ্ছে সেনাবাহিনী, তা হলো অ্যাথলেটিকস, সাঁতার, জুডো, কারাতে, ভারোত্তোলন, আর্চারি, শ্যুটিং, তায়কোয়ান্দো, ব্যাডমিন্টন, সাইক্লিং, উশু, ফেন্সিং, কুস্তি, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, গলফ ও টেনিস। যোগাযোগ করা হলে সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হামিদ বলেন, ‘নারীদের খেলাধুলায় সেনাবাহিনী আরও অবদান রাখতে চায়। সেই চিন্তা থেকেই আমরা ৫০০ নারী ক্রীড়াবিদকে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ দেব। এই নারীদের জীবনের একটা নিশ্চয়তা থাকবে, খেলার মাধ্যমে তারা দেশের সেবা করতে পারবে।’
নতুন এই দল গড়ার প্রক্রিয়ায় কাল ২৬টি ফেডারেশনের সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েছিল সেনাবাহিনী। আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই সভায় সব ফেডারেশনের প্রতিনিধিরাই ছিলেন। ফেডারেশনের কর্মকর্তারা সেনাবাহিনীর এই উদ্যোগকে ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ, সেনাবাহিনী একটি সুশৃঙ্খল সংস্থা। অবকাঠামোসহ সব ধরনের সুযোগ-সুবিধা অন্যদের চেয়ে সেনাবাহিনীর বেশি। তাই সেনাবাহিনীর পক্ষে ভালো মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। এই প্রক্রিয়ায় ফেডারেশনগুলো সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।