নারী ফুটবলারদের নামমাত্র পারিশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর মহিলা ফুটবল লিগে ফেনী সকারের হয়ে খেলেছেন রুনা মালি, রনি পাঠক, সরস্বতী বিশ্বাস ও বিউটি বিশ্বাস। নড়াইলের এই মেয়েরা ছাড়াও সকারের জার্সি গায়ে খেলেছেন ঠাকুরগাঁওয়ের হামিদা, নিপা, বেবি, ছন্দা ও বগুড়ার জনি। মফস্বলের এই মেয়েরা ঢাকায় খেলতে এসে খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরলেন।দলের ছিল না কোনো ম্যানেজার। নামমাত্র একজন কোচ। খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তাদের ছিল চূড়ান্ত সমন্বয়হীনতা। যেন নামকা ওয়াস্তে একটা দল নামানোর জন্যই এমনটি করা হয়েছে! পারিশ্রমিক নিয়েও ক্ষুব্ধ অনেক খেলোয়াড়। এত কিছুর পরও টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠে ফেনী সকার। কিন্তু মোহামেডানের কাছে হেরে কালই গ্রামের বাড়ি ফিরে গেছে সবাই। যাওয়ার আগে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বসে নিজেদের ক্ষোভের কথা জানান ফেনী সকারের অধিনায়ক রুনা মালি, ‘আমরা খেলতে এসেছি স্থানীয় কোচ কার্ত্তিক ওস্তাদের কথায়। কিন্তু ঢাকায় এসে আমরা মাত্র তিন হাজার করে টাকা পেয়েছি। এতে কী হয় বলেন?’ সকার ক্লাবের কর্মকর্তারা এটা নিয়ে কথাই বলতে চাননি। তাঁদের মধ্যে কেমন যেন একটা লুকোচুরি ছিল। ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল হক বলেন, ‘আমি কিছু জানি না। ম্যানেজার শাহীন সাহেব জানেন।’ যুগ্ম সম্পাদক ও ম্যানেজার মোহাম্মদ শাহীনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দল আমি চালাইনি। আমাকে কেউ দায়িত্বও দেয়নি। আমি কিছুই জানি না।’ ফেডারেশন থেকে ম্যানেজার হিসেবে যাঁর নাম দেওয়া হয়েছে, খোঁজ নিয়ে জানা গেছে তিনি ফেনী সকারের চেয়ারম্যান তাবিথ আউয়ালের কোম্পানি মাল্টিমুড গ্রুপে চাকরি করেন।চূড়ান্ত অপেশাদারি নিয়েই এবার মহিলা লিগে খেলেছে ফেনী সকার। খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল আরামবাগের জনৈক কর্মকর্তাকে। কিন্তু তিনি দিয়েছেন মাত্র তিন হাজার করে টাকা! খেলোয়াড়েরা কী খাচ্ছেন, কোথায় থাকছেন, এসব বিষয়ে খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি কেউ। বিউটি বিশ্বাস বলছিলেন, ‘খেলা শেষে আমাদের একটু নাশতার ব্যবস্থাও করা হয়নি। খেলার বিরতিতে শুধু ঠান্ডা পানি দেওয়া হতো।’ নড়াইল জেলার মহিলা দলের কোচ কার্ত্তিক দাসের আক্ষেপ, ‘মফস্বল থেকে আমরা খেলোয়াড় তৈরি করে ঢাকায় পাঠাই। কিন্তু বাফুফে ও ক্লাব কর্মকর্তাদের কেউই আমাদের মূল্যায়ন করে না। এমন হলে ভবিষ্যতে মেয়েরা ফুটবলে আসতে উৎসাহ হারিয়ে ফেলবে।’ বিষয়গুলো দুঃখজনক বললেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু), ‘এমন কিছু হয়ে থাকলে সেটা দুঃখজনক। তবে তাবিথ একেবারে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে দল গড়েছে। একেক দিন একেকজন ম্যানেজার দায়িত্ব পালন করেছে এটা সত্যি।’ তাবিথ আউয়াল যুক্তরাষ্ট্রে থাকায় তাঁর কোনো বক্তব্য নেওয়া যায়নি।