নারী সাংবাদিককে পটাতে গিয়ে ফাঁসলেন গেইল!

ক্রিস গেইল আমুদে, জীবনটা উপভোগ করেন প্রাণভরে। জ্যামাইকান এই ঝোড়ো ব্যাটসম্যানের রসবোধ অতুলনীয়। স্বভাবসুলভ রসিকতায় এক নারী সাংবাদিককে ‘পটাতে’ গিয়ে বেশ বিপত্তিতেই পড়েছেন গেইল।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ মাঠে নামবে জ্যামাইকা-গায়ানা। ম্যাচের আগে জ্যামাইকা অধিনায়ক গেইলকে এক নারী সাংবাদিক জিজ্ঞেস করলেন, ‘অনুশীলন ও আবহাওয়ার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত উইকেট কেমন মনে হচ্ছে?’ সাবেক উইন্ডিজ অধিনায়কের সরস জবাব, ‘আসলে আপনাকে তো এখনো ছুঁয়ে দেখিনি। ফলে বলতে পারছি না কেমন মনে হচ্ছে। তবে আপনার হাসিটা ভালো লেগেছে, দারুণ!’
গেইলের মন্তব্যের পর উঠেছে সমালোচনার ঝড়। সিপিএল কর্তৃপক্ষ অবশ্য গেইলকে রক্ষার চেষ্টা চেলাচ্ছে। ‘অ্যান্টিগা অবজারভার’ পত্রিকায় সিপিএলের এক মুখপাত্রের উদ্ধৃতি ছাপা হয়েছে এভাবে, ‘টুর্নামেন্ট নিয়ে ক্রিস (গেইল) খুবই রোমাঞ্চিত। সাংবাদিকের সঙ্গে একটু ঠাট্টা-মশকারা করেছে। কোনো বাজে উদ্দেশ্যে নয়। নারী সাংবাদিকও আমুদে ভঙ্গিতেই তার (গেইল) সঙ্গে আলাপ করেছেন। ফলে মনে করি না এটা অপরাধমূলক কিছু ছিল।’
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ‘উইমেন এগেইনস্ট রেপ’ (ওয়ার)। ওয়ারের প্রধান আলেক্সান্দ্রিনা ওং সিপিএলের ভূমিকার সমালোচনা করে একে ‘লিঙ্গ বৈষম্যমূলক ও আধিপত্যপরায়ণ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, নারী বৈষম্যমূলক আচরণ করা গেইলের ঠিক হয়নি। কোনটি শোভনীয় আর কোনটি শোভনীয় নয়, সেটি গেইলের মতো সিনিয়র ক্রিকেটারের অবশ্যই জানা থাকা উচিত। গেইলকে দ্রুত ক্ষমা চাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। জি নিউজ।