নারীদের ফুটবলে জাপানই সেরা
গত মার্চ মাসের সুনামি-দুর্যোগের পর এই প্রথমবারের মতো আনন্দ আর গর্বে অভিভূত জাপানিরা। কারণ, তাদের নারী ফুটবল দল জিতে এনেছে বিশ্বকাপ ট্রফি। জাপানি নারী ফুটবল দলের দৃঢ়তা আর অনন্য ফুটবলশৈলীর কাছে হার মেনেছে বিশ্বের অন্যতম সেরা মহিলা ফুটবল দল যুক্তরাষ্ট্র। যে লড়াইটা বিশ্বের তাবত্ গণমাধ্যমে অভিহিত হয়েছিল ডেভিড আর গোলিয়াথের লড়াই হিসেবে। এই লড়াইয়ে দুইবার পিছিয়ে পড়ে সমতা ফিরিয়ে টাইব্রেকারে যুক্তরাষ্ট্রকে খালি হাতে ফেরত পাঠিয়েছে জাপানি মেয়েরা। রূপকথার ডেভিড আর গোলিয়াথের লড়াই কি এরচেয়ে রোমাঞ্চকর ছিল! প্রথম এশীয় দেশ হিসেবে যেকোনো ফুটবল বিশ্বকাপ জয়ের মাধ্যমে জাপানিরা এই রোমাঞ্চটা ছড়িয়ে দিয়েছে গোটা মহাদেশেই।ফাইনালে জাপানের চেয়ে শক্তিতে অনেক ব্যবধানেই এগিয়েছিল যুক্তরাষ্ট্র। জাপানের একমাত্র সম্বল ছিল অমিত তেজি মনোবল আর জয়ের প্রবল আকাঙ্ক্ষা। শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন মনোভাবই মূর্ত হয়ে উঠেছিল মাঠে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা রেকর্ডসংখ্যক টেলিভিশন দর্শকও উপভোগ করেছেন শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিপক্ষে জাপানের দারুণ একটা লড়াই। নির্ধারিত সময়ে যে খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে মনোবল হারিয়ে বসা যুক্তরাষ্ট্রের মেয়েরা শেষ পর্যন্ত হার মানে ৩-১ গোলের ব্যবধানে।ম্যাচে কিন্তু দুবার পিছিয়ে পড়েছিল জাপান। একবার নির্ধারিত সময়ে, আরেকবার অতিরিক্ত সময়ে। দুবারই খাদের কিনারা থেকে নিজেদের তুলে এনে সমতায় ফিরেছে জাপান। সবচেয়ে বড় কথা, টাইব্রেকারের আগেই জাপানিদের দৃঢ়তায় একেবারেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে মার্কিন মেয়েরা। টাইব্রেকারে যার প্রতিফলনটা খুব ভালোভাবেই পরিলক্ষিত হয়েছে। কোনো দল যখন চারটি স্পট কিকের তিনটিই মিস করে, তখন তাকে আত্মবিশ্বাসের অভাব ছাড়া আর কী-ইবা বলা যায়!খেলার শুরু থেকে কিন্তু একচ্ছত্র আধিপত্য ছিল মার্কিন দলেরই। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৬৯ মিনিট পর্যন্ত। বদলি খেলোয়াড় অ্যালেক্স মরগানের পা থেকে আসে দারুণ এক গোল। মেগান র্যাপিওনের একটি লম্বা থ্রু জাপানি সীমানায় পড়লে অনেক পেছন থেকে ছুটে এসে জাপানি ডিফেন্ডার ইয়াকি কুমাগাইকে গতিতে পেছনে ফেলে তিনি এ গোলটি করেন। জাপান গোলটি শোধ করে দেয় ৮১ মিনিটে। আয়া মিয়ামার পা থেকে আসে সমতাসূচক গোলটি। অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটে যুক্তরাষ্ট্র আবার গোল করে এগিয়ে যায়। এবার গোলদাতা ছিলেন ওয়ামবাচ। ২-১ গোলে এগিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের বিজয় যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই জাপান আবার ফিরে আসে ম্যাচে। খেলা শেষ হতে তিন মিনিট বাকি থাকতে দেশের পক্ষে সমতা ফিরিয়ে নিয়ে আসেন সাওয়া। খেলার একেবারে অন্তিম মুহূর্তে অবশ্য একটি লালকার্ড দেখতে হয় জাপানি দলকে। আজুসা ইওয়াশিমিজু মাঠ থেকে বহিষ্কৃত হন। তবে সেটি যে জাপানের বিজয়ে কোনো প্রভাব ফেলেনি, তা বলাই বাহুল্য।ম্যাচ শেষে বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত জাপানি দল মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের অভিনন্দনের জবাব দেয়। তাদের হাতের ব্যানারে লেখা ছিল ছোট্ট একটি বাক্য, ‘আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’ জাপানের পাশে যে সারা পৃথিবী আছে সেই মার্চ মাস থেকেই। মহিলা বিশ্বকাপ জয় করে সে কৃতজ্ঞতাই যেন জাপান জানিয়ে দিল। রয়টার্স।