নাসরি নিষিদ্ধ
ফ্রান্স দলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সামির নাসরি। না, নতুন কোনো ‘কাণ্ড’ ঘটাননি। গত জুনে ইউরো চ্যাম্পিয়নশিপ চলার সময় কয়েক দফা বাজে আচরণ করেছিলেন তিনি। শাস্তির কারণ এটাই।স্পেনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ফ্রান্সের বিদায়ের পর মিক্সড জোনে বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক তাঁর কাছে ম্যাচের বিশ্লেষণ জানতে চান। নাসরি এ সময় কিছু বলতে অস্বীকৃতি জানান এবং বলেন, ‘পত্রিকার কাজই হলো আজেবাজে লেখা।’ ওই সাংবাদিক তখন বলেন, ‘নাসরির সঙ্গে আর কোনো কথা নেই।’ নাসরি চলেই যাচ্ছিলেন, কিন্তু কথাটা শুনেই হঠাত্ ঘুরে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন তাঁকে। এর আগেও সাংবাদিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন নাসরি। ইউরোয় ফ্রান্সের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সমতাসূচক গোলটি করার পর একজন সাংবাদিককে বার্তা দিয়েছিলেন চুপ থাকতে।নাসরির বিপক্ষে ফরাসি ড্রেসিংরুমেও সমস্যা তৈরির অভিযোগ আছে। সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের সময় ড্রেসিংরুমে তাঁর সঙ্গে নাকি হাতেম বেন আরফা ও আলোউ দিয়ারার প্রচণ্ড ঝগড়া হয়। এ সময় নাসরি নাকি কোচ লরেন্ত ব্লঁকেও দুই কথা শুনিয়ে দিতে ছাড়েননি! স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিজ দলের অধিনায়কের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ফ্রান্সের জেরেমি মেনেজ। ওই দিন ম্যাচ শেষে রেফারিকেও অপমান করেন তিনি। এ কারণে জেরেমিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। এ ছাড়া আরফা ও ইয়ান মাভিলাকে সতর্ক করে দেওয়া হয়েছে।আরফাকে সতর্ক করার কারণ, ড্রেসিংরুমে তাঁর বিবাদে জড়ানোর ঘটনা। মাভিলার বিরুদ্ধে অভিযোগ, স্পেনের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় ওলিভার জিরড ও কোচ ব্লঁর সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। সূত্র: ওয়েবসাইট।