নাসরির কাণ্ড
স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় নীল ছিল ‘লা ব্লুজ’। তবে পরাজয়ের পর সবচেয়ে বড় ঘটনার জন্ম দিয়েছেন ফ্রান্স ফরোয়ার্ড সামির নাসরিই। স্পেনের কাছে হারের পর মিক্সড জোনে এএফপির একজন সাংবাদিক তাঁর কাছে ম্যাচ বিশ্লেষণ জানতে চান। নাসরি এ সময় ম্যাচ নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান এবং বলেন, পত্রিকার কাজই হলো আজেবাজে লেখা। ওই সাংবাদিক তখন বলেন, নাসরির সঙ্গে আর কোনো কথা নেই। নাসরি চলেই যাচ্ছিলেন, কথাটা শুনেই হঠাৎ ঘুরে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন তাঁকে। এবারের ইউরোতে সাংবাদিকদের সঙ্গে নাসরির ঝামেলা এটাই প্রথম নয়। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে গোল করার পর ঠোঁটে আঙুল চেপে লেকিপ-এর একজন সাংবাদিককে বার্তা দিয়েছিলেন তাঁকে চুপ থাকতে। ফ্রান্সের কোচ লরাঁ ব্লাঁ অমনোযোগী রেফারির মতো বিষয়টি এড়িয়ে যাননি। বলেছেন, ‘ঘটনাটা নাসরির নিজের বা দলের ভাবমূর্তি ভালো করবে না মোটেও।’ তবে ম্যানচেস্টার সিটির ফরাসি এই ফরোয়ার্ডের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটি এখনো জানা যায়নি। এএফপি।