নাসির কি তবে 'দুধভাত'!

নাসির হোসেনের মনের খবর জানার উপায় নেই। তবে সেখানে নিশ্চিত মেঘের আনাগোনা। টুর্নামেন্টে প্রায় পুরোটা সময়ই সাইড বেঞ্চে ‘অলস’ সময় কাটল নাসিরের। একেবারে যে অলস সময় কেটেছে, তা নয়। সতীর্থদের জন্য পানির বোতল আর তোয়ালে হাতে মাঠে ছোটাছুটি তো করতে হচ্ছেই!
হঠাৎ উড়ে গিয়ে শুভাগত হোমও সুযোগ পেয়েছেন শেষ তিনটি ম্যাচে। প্রথম শ্রেণির ম্যাচ খেলে যাওয়া সাকলাইন সজীবের সুযোগও হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের। কিন্তু নাসির ম্যাচের পর ম্যাচ থেকেছেন ‘দুধভাত’ হয়ে, পাড়ার যেকোনো খেলার সবচেয়ে ছোটটির যে দশা হয়!
হল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপের উজ্জ্বল স্মৃতি। শুধু এই টুর্নামেন্ট নয়, এশিয়া কাপেও একই অভিজ্ঞতা হয়েছিল নাসিরের। পুরো টুর্নামেন্টে দর্শক হয়ে থাকার পর হঠাৎই সুযোগ পেয়েছিলেন ভারতের বিপক্ষে ফাইনাল খেলার। এ যেন কোনো পূর্বাভাস ছাড়াই শীতল কক্ষ থেকে হঠাৎ তপ্ত উনুনে পড়া!
টিম ম্যানেজমেন্ট বলতে পারে, প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক ম্যাচে খেলানো হয়নি নাসিরকে। কিন্তু ‘কম্বিনেশন’-এ বাকি সবার জায়গা ঠিকই হয়ে যাচ্ছে, শুধু নাসিরেরই হচ্ছে না! এটা কি যুক্তি হতে পারে?
পারফরম্যান্স বিশ্লেষণের আগে প্রশ্ন হতে পারে, তাঁকে সুযোগ দেওয়া হলো কোথায়? এ বছর বাংলাদেশে ১৬টি টি-টোয়েন্টি খেলেছে। নাসিরের সুযোগ হয়েছে মাত্র দুটি ম্যাচ খেলার। অথচ গত বছর কোনো সিরিজ, টুর্নামেন্টই দলের বাইরে বলতে গেলে থাকতে হয়নি তাঁকে। ২০১৫ সালে বাংলাদেশ খেলেছে ১৮ ওয়ানডে, এর ১৫টিতেই ছিলেন নাসির। ৪২৬ রান ও ১৬ উইকেটে আদর্শ অলরাউন্ডার হওয়ার বার্তাও দিয়েছিলেন। নাসির থাকলে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের শেষের শক্তিটা বাড়ে। ১৪ থেকে ১৭ ওভারে রানের চাকা শ্লথ হয়ে যাচ্ছে বারবার। নাসির এর সমাধান হতে পারতেন। নাসিরের স্পিনও এখন নির্ভরতা। সঙ্গে ফিল্ডিংটা তো আছেই। কিন্তু এ নিয়ে বাংলাদেশের সমর্থকদের মধ্যে যত আক্ষেপ আর সমালোচনা থাক, টিম ম্যানেজমেন্টের ভাবনায় নাসির নেই।
সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ‘দ্য ফিনিশারে’র। খেলার সুযোগ হয়নি জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজে। এশিয়া কাপে যাও-বা এলেন দলে, খুব একটা সুযোগ মেলেনি একাদশে। টি-টোয়েন্টি বিশ্বকাপও তাঁর কাছে হয়ে রইল দীর্ঘশ্বাসের নামান্তর।