নাসির কেন নেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেন
নাসির হোসেন

আকাশ আর মাটি মিলিয়ে সতেরো-আঠারো ঘণ্টা কাটিয়ে গত পরশু সকালে দুজন পৌঁছেছেন বেঙ্গালুরুতে। দুজনই অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে। সাকলাইন সজীবের অভিষেক অনুমিতই ছিল। এই মাঠে সাকিবের সঙ্গে আরেকজন স্পিনার তো লাগতই।
শুভাগত হোম চৌধুরীকেও নামিয়ে দেওয়া হলো। ব্যাটিং-বোলিং দুটিতেই ‘১৩’ সংখ্যাটা থাকল। ব্যাটিংয়ে ১০ বলে ১৩ রান। বোলিংয়ে ২ ওভারে ১৩। শুভাগত কেন দলে—এই প্রশ্ন যদি না-ও করেন, একটা প্রশ্ন তো উঠছেই—নাসির হোসেনকে স্কোয়াডে নেওয়া হলো না কেন?
দুজনই অফ স্পিনিং অলরাউন্ডার। ১৫ জনের দল করার সময় নাসিরকে বেশি ভালো মনে হয়েছে বলেই তো তাঁকে নিয়েছেন নির্বাচকেরা। তাহলে ম্যাচের পর ম্যাচ তাঁকে বসিয়ে রাখা কেন? বিশেষ করে এই ম্যাচে নাসিরকে না খেলানোর কোনো ব্যাখ্যাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিজ্ঞতা, অতীত পারফরম্যান্স—কিছুরই কি তাহলে মূল্য নেই! শুভাগতর কথাও ভাবুন। মানসিক প্রস্তুতি তো ছিলই না, সঙ্গে ওই শারীরিক ধকল—শুভাগতর প্রতিও তো এটা অন্যায়ই হলো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে ‘টিম কম্বিনেশন’-এর সেই পরিচিত বর্মে আড়াল খুঁজলেন। নাসির খেললেই এই ম্যাচে শুভাগতর চেয়ে ভালো করতেন বলে কোনো নিশ্চয়তা নেই। তবে একাদশ নির্বাচনে একটা যুক্তি তো থাকবে। এখানে সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সমস্যা!
পরাজয়ের কারণ হিসেবে অবশ্যই এটা আসবে না। মাশরাফি সেই কারণ হিসেবে দেখাচ্ছেন ‘ছোট ছোট ভুল’কে। সেই ভুলগুলো কী? ‘ব্যাটিং-বোলিংয়ের সময় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে। ওসব সিদ্ধান্ত নিতে আমরা কিছু ভুল করেছি।’
গত পরশু সংবাদ সম্মেলন শেষে কান্না সামলাতে পারেননি মাশরাফি। বিকেলেও তাঁর কথায় পরিষ্কার বোঝা যাচ্ছিল, তাসকিনকে হারানোটা কোনোভাবেই মানতে পারছেন না। এত দিনের পরিকল্পনা সব যে এলোমেলো। ম্যাচ শেষে অবশ্য দাবি করলেন, সবকিছু বাইরে রেখেই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু চাইলেই কি তা পারা যায়? মাশরাফিও বললেন, ‘একাদশের তিনজন খেলোয়াড় না থাকলে সমস্যা তো হয়ই, তার ওপর এমন ফর্মে থাকা তিনজন!’
তাসকিন-সানির ছিটকে পড়াটা তাও সামলে ওঠার একটু সময় দিয়েছে। তামিমের খেলতে না পারা তো বিনা মেঘে বজ্রপাত! যেটিকে মাশরাফি ‘বিগ লস’ বলবেন, এটি অনুমিতই। তারপরও যে মাঠে একেবারে বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করেনি দল, এতেই তৃপ্তি খুঁজছেন অধিনায়ক, ‘এই ম্যাচে আমাদের একটা চাওয়া ছিল, আমরা সিনিয়র খেলোয়াড়েরা যেন ভালো করি। রিয়াদ খুব ভালো ব্যাটিং করেছে। সাকিব ব্যাটিং-বোলিং দুটিতেই ভালো। মুশফিকও ভালো খেলেছে। সামনের ম্যাচগুলোতে এটা কাজে লাগবে।’
সামনে আর দুটিই ম্যাচ। আগামীকাল এখানেই প্রতিপক্ষ ভারত। এরপর ২৬ তারিখে কলকাতায় নিউজিল্যান্ড। মনের কোণে সেমিফাইনালের যে স্বপ্ন লুকিয়ে রেখেছিলেন, তা নিয়ে আলোচনাটা এখন বাহুল্যই মনে হবে।