সাঈদ আজমল, না নাসির জামশেদ? কাল পাল্লেকেলেতে ম্যাচসেরা প্রতিদ্বন্দ্বিতায় ছিল এই দুটি নামই। শেষ পর্যন্ত আজমলের ৪ উইকেটের চেয়ে জামশেদের ৩৫ বলে ৫৬ রানকেই বেশি মূল্য দিলেন নির্বাচকেরা। পাকিস্তানের ১৩ রানের জয়ে শেষ পর্যন্ত যে বড় হয়ে উঠেছিল এই বাঁহাতির ঝোড়ো ইনিংসটিই। মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ২ রান করে নেওয়ার পর তৃতীয় বলেই এক্সস্ট্রা কাভার দিয়ে অসাধারণ এক ছক্কা। পরে আরও তিনটি ছয় মেরেছেন ওয়ানডাউনে খেলতে নামা জামশেদ। ৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিটাই তাঁকে এনে দিল প্রথম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। জামশেদ আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই হয়েছিলেন ম্যাচসেরা। ২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে করেছিলেন ৪৮ বলে ৬১ রান, পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। গত মাসে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ৯৭ রান করে। তথ্যসূত্র: ক্রিকইনফো।