নাসিরের আউটই বদলে দিল সব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতটা হতে পারত আনন্দের। হলো আফসোসের। নাসির হোসেন ওই সময় ওভাবে আউট না হলে হয়তো...। হ্যাঁ, বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের তা-ই ধারণা। নাসিরের আউটটাই বদলে দিয়েছে ম্যাচের চিত্র।‘ওরা যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল যে ২৮০-৩০০ রান হয়ে যাবে। আমাদের বোলাররা সেটা হতে দেয়নি। আমি বলব, ওই সময় নাসির আউট না হলে ম্যাচের ফলাফল অন্য রকমও হতে পারত। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।’ নাসিরের আউট এবং পরে রাজ্জাক, মাশরাফির দায়িত্ব নিতে না পারাটাই জয়ের সুবাস ছড়ানো ম্যাচে পরাজয়ের স্বাদ দিল বাংলাদেশকে। মুশফিকের তাই আফসোস, ‘বড় দলের বিপক্ষে জিততে হলে আমাদের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। আমরা সেটাই পারছি না। আমাদের দুজন অভিজ্ঞ খেলোয়াড় গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে গেছেন। তাঁদের কাছে ভালো কিছু প্রত্যাশা ছিল।’বল হাতে মাশরাফির শেষ ওভারে ১৬ রান দেওয়াটাও ম্যাচ শেষে পরাজয়ের একটা কারণ হিসেবে দাঁড়িয়েছে। তবে এই ম্যাচে তিন পেসার নিয়ে খেলাটা যুক্তিযুক্তই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের টার্গেট ছিল, শুরুতেই এক-দুইটা উইকেট নিয়ে নেওয়া। তাহলে ওরা চাপে পড়ে যেত। এই উইকেটে স্পিন ধরবে না বলেই তিন পেসার খেলানো। স্পিনার নিলে হয়তো পরে পার্টটাইম বোলারদের দিয়ে বল করাতে হতো। তখন ৩০০-এর ওপর রান হয়ে যেতে পারত।’ম্যাচ হারলেও সাকিব-তামিমের ব্যাটিং মুশফিকের কাছে ইতিবাচক প্রাপ্তি। ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় পেরিয়ে আসা তামিমের ব্যাটিং বিশেষ প্রশংসাই পেল অধিনায়কের, ‘তামিম অনেক কঠিন সময় পেরিয়ে এই পারফরম্যান্স করেছে। সে প্রমাণ করেছে, ও কত বড় খেলোয়াড়।’মুশফিকের মতো ম্যান অব দ্য ম্যাচ মোহাম্মদ হাফিজও প্রশংসা করেছেন তামিমের, ‘খুবই ভালো ব্যাটিং করেছে তামিম। ও ফর্মে ছিল না। তার পরও যে রকম খেলছিল, তামিমের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’ বাংলাদেশ অধিনায়কের সঙ্গে আরেকটা জায়গায়ও একমত পাকিস্তানের এই অলরাউন্ডার, ‘সাকিব-নাসিরের জুটি আমাদের চাপে ফেলে দিয়েছিল। তবে নাসিরের আউটের পর আমরা আবার ম্যাচে ফিরে আসি। ওটাই টার্নিং পয়েন্ট ছিল আজ (গতকাল)।’ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক কঠিন প্রতিপক্ষের মর্যাদা দিয়েছিলেন বাংলাদেশকে। কাল স্নায়ুচাপ ছড়ানো ম্যাচটা জেতার পর হাফিজও বললেন একই কথা, ‘বাংলাদেশের এমন পারফরম্যান্সে মোটেও বিস্মিত নই আমরা। নিজেদের মাঠে তারা কখনোই দুর্বল নয়। আমরা তাদের হালকাভাবে নিইনি।’এশিয়া কাপে সব সময়ই মূল আকর্ষণ ভারত-পাকিস্তানের ম্যাচ। হাফিজ আত্মবিশ্বাসী, বিশ্বকাপ সেমিফাইনালে হারের জ্বালা জুড়াতে পারবেন এই ম্যাচে। তবে ভারতের বিপক্ষে ম্যাচে একটা জিনিস চান না বাংলাদেশের অধিনায়ক মুশফিক, ‘ব্যক্তিগতভাবে আমি চাই, শচীন টেন্ডুলকার তাঁর শততম সেঞ্চুরি করুক। তবে অবশ্যই আমাদের বিপক্ষে নয়।’