নাহি বুদ্ধি নাহি বল, খো-খেলা খেলল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার পুরান ঢাকার এক বন্ধু টেলিফোন করলেন। বহুকাল পর তাঁর টেলিফোনে তো আমি মহা খুশি। ভাবলাম, এত কাল পর কুশলাদি জানার ইচ্ছেটা যে হলো তাঁর, এটা কম কথা না। বাল্যকালের সম্পর্কটা মনে রেখেছেন। এ-কথা, সে-কথার পর বললেন, ‘দোস্ত, তোমার মনে আছে, আমরা যে পল্টনে টিনের বেড়া দেওয়া কাঠের গ্যালারিওয়ালা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখা শুরু করেছিলাম? মনে আছে, মৈশন্ডীর সোহরাব ভাই, ওই যে ইগলেটস না ভিক্টোরিয়ার দারুণ ফাস্ট বোলার ছিলেন। ধূপখোলার মাঠে আমাগো মানে পোলাপানগো বোলিং শিখাইছিল হঠাৎ কইরা আইসা?’সত্যি বলতে কি, অত কিছু মনে নেই। তবে সোহরাব ভাইয়ের কথা মনে আছে। ইস্ট পাকিস্তানের একজন সেরা বোলার হিসেবে গণ্য ছিলেন। কী দিনকালই না গেছে ক্রিকেট ক্রিকেট করে। সেই ১৯৫৬ (নাকি ৫৪!) সাল থেকে খেলা দেখা শুরু। তখন তো আর টিভি ছিল না। মাঠে গিয়েই দেখতে হতো। আর ক্রিকেট মানেই ছিল ‘টেস্ট খেলা’। দেখতাম বটে কিন্তু আমাদের বাঙালি খেলোয়াড়েরা কখনোই ১১ জন সুযোগ পেতেন না। মাঝেমধ্যে টুয়েলভস ম্যান হিসেবে কাউকে কাউকে ব্যবহার করা হতো। সেই সুবাদে বদলি খেলোয়াড় হিসেবে কখনো-সখনো ফিল্ডিংয়ে নামানো হতো। তাই দেখেই আমরা খুশিতে বাগে-বাগ হতাম। তালি দিতাম খুব।ক্রিকেট তখন থেকেই দারুণ জনপ্রিয়। কিন্তু তা হলে কী হবে, নিজেদের দল হিসেবে আন্তর্জাতিকভাবে খেলায় নাম-সুনাম শুরু হয়েছে এই তো সেদিন। অনেকে অনেক খেলা হচ্ছে। ক্রিকেট খেলুড়ে নামী ও বড় দেশগুলোর সঙ্গে খেলছে আমাদের খেলোয়াড়েরা। হারের সংখ্যা বেশি হলেও মাঝেমধ্যে জয়ীও হচ্ছে। ইতিমধ্যে বড় দেশগুলোকে একে একে হারিয়েছেও আমাদের দল।এ ব্যাপারগুলো নিয়ে ভাবতে গিয়ে একটা দিকই বারবার মনে আসছে, আমাদের মানে দর্শকদের প্রত্যাশা বেড়ে আকাশচুম্বী হয়েছে। সব খেলায় জয়ী হতে হবে তা নয়, ভালো খেলুক, সেটিই পেতে চায় আমাদের ক্রিকেটপাগল দর্শক। কিন্তু খেলোয়াড়দের যেন সেখানেই বিপত্তি। আমার কেন যেন মনে হয়, খারাপ খেলার জন্য এটিই আমাদের অন্যতম প্রধান কারণ। দর্শকদের প্রত্যাশার চাপে কুপোকাত থাকে সবাই। নার্ভাস ভাবটা মন থেকে সরাতেই পারে না। চাপটা ঘাড়ে চেপেই থাকে। বিশেষ করে, যাদের ওপর ভরসা করা হয়, তাদেরই বেশি এই দশা। আমি নিশ্চিত, খেলাগুলো বিদেশের মাটিতে হলে আমাদের দল অনেক নির্ভার হয়ে খেলত। আরও ভালো ফল করত। সে যা-ই হোক, আমার ঢাকাইয়া বন্ধুর কথায় ফিরে আসি। তাঁর এদ্দিন পর টেলিফোন করার কারণ বিশ্বকাপ নিয়ে আমার লেখা পাঠ এবং সর্বশেষ খেলা নিয়ে কিছু বলা। বললেন, ‘এইটা কেমুন খেলা দেখানি শুরু করল পোলাপান। আরে, ইংল্যান্ডরে হারাইয়া দিল, ইন্ডিয়ারে প্রায় ধইরা ফালাইছিল। কিন্তুক, ওই ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার কাছে খেইলা এমুন শরমে ফালাইল যে কী কমু? বোলাররা তো ভালাই। ব্যাটসম্যানরা তো মনে হয় জীবনে পয়লা খেলতে নামছে। খালি আইল আর গেল। এইটারে কী কইবা? খুব তো পামপট্টি দিয়া লিখছিলা। অহন কী লিখবা? এই আহন-যাওন লইয়া বহু দিন আগের তোমার একটা কার্টুনের কথা মনে হইল। তাই টেলিফোনটা করলাম। কার্টুনটা ছিল, দুইজন কর্মকর্তা চ্যাংদোলা কইরা ব্যাট হাতে লওয়া এক খেলোয়াড়রে উইকেটের দিকে জবরদস্তি নামাইতে যাইতাছে। আর খেলোয়াড়টি হাত-পা ছুইড়া কইতাছে, অহনও কইতাছি ছাইড়া দেন, মাফ কইরা দেন।’কার্টুনটির কথা মনে পড়ল। এ-ও মনে পড়ল, তখন এটি নিয়ে খুব সমালোচনা হয়েছিল আমার। আমিও ভেবেছিলাম, তাই তো, যখন আমাদের নিজ দেশের নিজস্ব ছেলেরা বড় দলের সঙ্গে খেলে নিজেদের প্রতিষ্ঠা করতে সচেষ্ট, যখন ক্রিকেট নিয়ে কাঠামো তৈরির চেষ্টা হচ্ছে, তখন এই নেগেটিভ কার্টুন আঁকা ঠিক হয়নি। এ নিয়ে আমার খুব মন খারাপ থেকেছিল বহুকাল।আমার ওই কার্টুনটি ছিল আমাদের তখনকার ব্যাটসম্যানদের ক্রিজে আসা-যাওয়ার অবস্থাটি সহ্য করতে না পেরে। কিন্তু এখন তো টিমের অবস্থা অন্য রকম। এখন সবাই ভালো পর্যায়ে এসেছে। বোলিং তো আন্তর্জাতিক মানেরই। নাম-সুনাম অনেক। টেস্ট খেলুড়ে দেশ এখন। এমনকি ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ৮-এ উঠে আসা দল। তাহলে? এমন কেন? যখন হারি আমরা তখন সবার নিচের স্কোরে অলআউট। এটা কি ভাবার মতো? বিশ্লেষণ করার মতোও নয়।আমার বন্ধুটি সে কথাই বলতে চাইলেন। বললেন, ‘আসলে বুঝলা, অহনো আমাগো পোলাপান ডরফুকই রইয়া গেছে। জিতলে আৎকা মাইরা জিতে। তো, তোমার ওই কার্টুনটা আবার ছাপবা নাকি?’উত্তরে হেসে বললাম, ‘নারে ভাই, এখন ছেলেরা খেলা শিখেছে, শুধু বড় গেইম সামাল দেওয়ার চাপ নেওয়াটা এখনো শিখে নাই। তা ছাড়াও ক্রিকেট খেলাটা তো দিনকে দিন বদলাইতাছে। সবাই আগাইতাছে। তো আমরা যদি আগাই ১০ হাত, তো অন্যরা আগাইতাছে ২০। গেমপ্ল্যানের বুদ্ধি-ফিকিরে তো আরও দূরে। সব দিক ধাতে আনতে আরও টাইম লাগব।’