নায়ক থেকে খলনায়ক রোনালদো
পরশু রাতে ইউরোপীয় ফুটবলের আলোর বৃত্তে অবশ্যই ছিল মিলান ডার্বি। তাতে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরেছে এসি মিলান। তবে এটিকে ছাপিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-০ ব্যবধানের জয়ের নায়ক তিনি। পরে প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই মেরে লাল কার্ড দেখে বনে গেছেন খলনায়ক।অ্যাঙ্কেলের চোট নিয়ে প্রায় ২ মাস মাঠের বাইরে যাওয়ার আগে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদ এবং ফুটবল বিশ্বকে। তবে চোট কাটিয়ে মাঠে ফিরে একটু যেন ম্লানই হয়ে পড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা। মালাগার বিপক্ষে ম্যাচটির আগের তিন ম্যাচে কোনো গোল পাননি। পরশু সান্তিয়াগো স্টেডিয়ামে প্রথমার্ধের গোড়ায় মালাগা রিয়ালের রক্ষণভাগের পরীক্ষা নেওয়ার পর পরই স্বরূপে আবির্ভূত হন রোনালদো। ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন করিম বেনজেমা ও কাকা সমন্বয়ে বল পেয়ে। ৪ মিনিট পর গুতির পাসে করেছেন দ্বিতীয় গোল। রিয়ালের পক্ষে প্রথম হ্যাটট্রিকটিও পেয়ে যেতে পারতেন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু এর বদলে রোনালদোর রাতটি বিষণ্ন হয়ে গেল সরাসরি লাল কার্ড দেখে।ম্যাচের তখন ৭০ মিনিট। বল নিয়ে মালাগার গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রোনালদো। পেছন থেকে তাঁর জার্সি টেনে ধরেন মালাগার ডিফেন্ডার প্যাট্রিক এমটিলিগা। অমনি তিনি কনুই মেরে দেন এমটিলিগার মুখে। আর যায় কোথায়! রেফারি কাছেই ছিলেন, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলেন লাল কার্ড। রিয়ালের জার্সি গায়ে এই নিয়ে দ্বিতীয়বার লাল কার্ড পেলেন। এর আগে ৫ ডিসেম্বর আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে বহিষ্কৃত হয়েছিলেন প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি মেরে।তবে এবারের এই লাল কার্ড কিছুতেই হজম করতে পারছেন না রোনালদো। নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘ব্যাপারটা লজ্জার যে রেফারি আমাকে লাল কার্ড দেখাল। এসব ক্ষেত্রে এখানে কেন, বিশ্বের কোথাওই লাল কার্ড দেওয়া হয় না!’ রোনালদো-সতীর্থ সার্জিও রামোস অবশ্য কোনো মন্তব্য করতে চাননি এ বিষয়ে, ‘আমি ঘটনাটি থেকে একটু দূরেই ছিলাম। ব্যাপারটা আবার দেখতে হবে আমাকে।’ রোনালদোর যেমন রাতই যাক, রিয়ালের জন্য রাতটি ভালোই গেল। বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা ৫ পয়েন্টেই রাখতে পেরেছে তারা। ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯, রিয়ালের ৪৪।লাল কার্ড বিতর্ক ছিল মিলান ডার্বিতেও। সেখানেও লাল কার্ড নিয়ে অসন্তুষ্ট জয়ী দল ইন্টার। সিরি ‘আ’র সবচেয়ে বড় লড়াইয়ে ১০ মিনিটেই ইন্টারকে এগিয়ে দেন ডিয়েগো মিলিতো। কিন্তু ২৬ মিনিটে ওয়েসলি স্নেইডার লাল কার্ড দেখায় মিলান পড়ে যায় বড় চাপে। তবে তাতে ভেঙে না পড়ে ৬৫ মিনিটে প্যানডেভের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। পুরো ম্যাচেই মিলানকে কোণঠাসা করে রাখে ইন্টার। অতিরিক্ত সময়ে গোল ঠেকাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে লাল কার্ড পাওয়ার সঙ্গে মিলানকে পেনাল্টিও উপহার দেন লুসিও। কিন্তু রোনালদিনহোর পেনাল্টি ঠেকিয়ে দেন ইন্টারের ব্রাজিলিয়ান গোলরক্ষক হুলিও সিজার। এমন জয়ের পরও ইন্টার কোচ হোসে মরিনহো খুশি নন। স্নাইডারের লাল কার্ডটি মানতে পারছেন না এই পর্তুগিজ। ইন্টারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন তিনি, ‘‘আজ (রোববার) রাতে সবকিছুই করা হয়েছে ইন্টারের জয় ঠেকাতে। বিরতির সময় আমি চেঞ্জ রুমে গিয়েছিলাম এবং রেফারিকে জিজ্ঞেস করেছিলাম স্নাইডারকে কেন লাল কার্ড দেখিয়েছেন তিনি। রেফারি আমাকে বলেছেন, ‘স্নাইডার তাকে তালি দিয়ে প্রশংসা করেছে বলে। এর পর আমি আর কিছু বলিনি। কারণ আমরা ফুটবলের লোক!’’ এএফপি।