নায়ক মেনসাহ খলনায়কও
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয় দিয়ে শুরু করল ঘানা এবং মালিও। মিসর, ক্যামেরুন, নাইজেরিয়া নেই। নেই দক্ষিণ আফ্রিকাও। ২৮তম আফ্রিকান নেশনস কাপে তাই আইভরি কোস্ট আর ঘানাকেই মনে করা হচ্ছে টপ ফেবারিট। দুই ফেবারিটের শুরুটাও হলো একই রকম। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অধিনায়ক দিদিয়ের দ্রগবার একমাত্র গোলে আইভরি কোস্ট হারিয়েছিল সুদানকে। পরশু চারবারের চ্যাম্পিয়ন ঘানাও বতসোয়ানার বিপক্ষে জিতেছে অধিনায়ক জন মেনসাহর একমাত্র গোলেই।দিনের অন্য ম্যাচটি ছিল ‘পশ্চিম আফ্রিকান ডার্বি’, যে ডার্বি দেখেছে ২০০৪ সালের দুই দলের সর্বশেষ সাক্ষাতের পুনরাবৃত্তি। গিনিকে ১-০ গোলে হারিয়েছে মালি। বল দখলের লড়াইয়ে অবশ্য স্পষ্ট এগিয়ে ছিল গিনি। মনে হচ্ছিল, ২০০৪ সালে তিউনিসিয়া আসরে গ্রুপ পর্বের সেই হারের প্রতিশোধই নিতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার দেশটি। কিন্তু খেলার ধারার উল্টো স্রোতে হেঁটে জয় নিয়ে মাঠ ছেড়েছে মালি।৩০ মিনিটে তাঁর দেওয়া একমাত্র গোলেই জিতেছে দল—মালির জয়ের নায়ক বাকায়ে ট্রাওরে। তেমনি ঘানার জয়ের নায়ক মেনসাহ। লিওর এই ডিফেন্ডার আবার খলনায়কও। ২৫ মিনিটে দলের জয়সূচক গোল যেমন করেছেন, তেমনি ৬৫ মিনিটে পেয়েছেন লাল কার্ড। তাঁকে হারিয়ে ঘানা পরিণত হয় ১০ জনের দলে। এই সুযোগে গোল পরিশোধে মরিয়া বতসোয়ানাও ঘানাকে চেপে ধরেছিল ভালোমতোই। কিন্তু কাজ হয়নি। মেনসাহ লাল কার্ড অবশ্য পেয়েছেন গোল বাঁচানো ফাউল করেই। ডিফেন্ডার অ্যান্থনি আনানের শিশুতোষ ভুলে বল পায়ে একা হয়ে গিয়েছিলেন বতসোয়ানার স্ট্রাইকার জেরোম রামাতলাকাওয়ানা। নিরুপায় হয়েই রামাতলাকাওয়ানাকে ফাউল করে দলকে সম্ভাব্য গোল খাওয়া থেকে রক্ষা করেছেন ঘানাইয়ান অধিনায়ক। এএফপি।