নায়ক যখন খলনায়ক
ঘর্মাক্ত শরীর, ক্রুদ্ধ দৃষ্টি, হাত-গলার রগ সব ফুটে উঠেছে। নিরাপত্তাকর্মীর দিকে তেড়ে যাচ্ছেন আঙুল উঁচিয়ে। ভাবতে পারেন কোনো সিনেমার অ্যাকশন দৃশ্য। সিনেমায় এই চেহারায় অসংখ্যবার দেখা গেছে শাহরুখ খানকে। এবার দেখা গেল বাস্তবেও। পরশু কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ শেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন শাহরুখ। নাইট রাইডার্সের অন্যতম মালিক ও বলিউড মহাতারকার বিরুদ্ধে মেরিন ড্রাইভ থানায় লিখিত অভিযোগ করেছে এমসিএ (মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজীবনের জন্য নিষিদ্ধও করা হচ্ছে শাহরুখকে।১৪০ রানের পুঁজি নিয়েও পরশু ৩২ রানের সহজ জয় পেয়েছে কলকাতা। ঘটনা ম্যাচ শেষের অনেক পরের, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর। এমসিসি কোষাধ্যক্ষ রবি সাবান্ত পিটিআইকে বলেছেন, ‘ম্যাচ শেষে শাহরুখ নিরাপত্তাকর্মী, এমসিএ কর্মকর্তা এমনকি আমাদের প্রেসিডেন্ট বিলাসরাও দেশমুখের সঙ্গেও দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। আমরা তাঁর এই মাঠে ঢোকায় আজীবন নিষেধাজ্ঞা দিয়েছি।’ভারতীয় টিভি চ্যানেল নিউজ হেডলাইনকে সাবান্ত বলেছেন, ‘সবকিছু’ শেষ হয়ে যাওয়ার পর শাহরুখ মাঠে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মী তাঁকে মাঠে ঢুকতে বাধা দিলে এবং মাঠ ছাড়তে বললে শাহরুখ ওই নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করেন। অভিযোগ উঠেছে, যেসব কর্মকর্তা তাঁকে শান্ত করতে ও বোঝাতে যান, তাঁদের উদ্দেশেও শাহরুখ ‘ক্রমাগত বাজে ও নোংরা ভাষায়’ কথা বলে যান। এমসিএর একজন কর্মকর্তাকে (যিনি আবার পুলিশের সহকারী কমিশনারও) দেখা গেছে শাহরুখকে শান্ত করতে। সাবান্তের দাবি, শাহরুখ পুরস্কার বিতরণী শেষেরও অনেক পরে অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়াই মাঠে আসেন। এরপর এক কথায় বলেছেন, ‘তিনি সব নিয়মকে অবজ্ঞা করেছেন।’শাহরুখের কাণ্ডকীর্তি দেখে কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, শাহরুখ মাতাল ছিলেন। তবে গতকাল মুম্বাইয়ে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করেছেন শাহরুখ, ‘অ্যালকোহলের প্রভাবে অমন করেছি বললে ভুল হবে। আমি মোটেও মাতাল ছিলাম না, আমাকে চটানোর পরই কেবল দুর্ব্যবহার করেছি। নিরাপত্তা কর্মকর্তা আমাকে ও আমার মেয়েকে গালিগালাজ করেছে।’ এমসিএ কর্তাদের গালিগালাজ করার কথা স্বীকার করেছেন শাহরুখ। তবে ৪৬ বছর বয়সী অভিনেতার দাবি, তা করেছেন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেই। এ কারণেই উল্টো এমসিএ কর্তাদের ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন। নিষেধাজ্ঞা নিয়েও তাঁর মাথাব্যথা নেই, ‘নিরাপত্তা কর্মকর্তা আমার সঙ্গে যেভাবে কথা বলেছেন, এমনটা করা উচিত হয়নি। নিরাপত্তার নামে শিশুদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, সেটাও ক্ষমার অযোগ্য। এমন ব্যবহার পেলে আমি নিজেই ওয়াংখেড়েতে যাব না।’আনুষ্ঠানিকভাবে আজীবন নিষেধাজ্ঞা অবশ্য এখনো দেওয়া হয়নি। সাবান্ত জানিয়েছেন, নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, সংখ্যাগরিষ্ঠের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হবে। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজীব শুক্লা অবশ্য সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আমি এমসিএর দিকটা শুনব, শাহরুখের দিক শুনব এবং পুলিশের সঙ্গে কথা বলে প্রতিক্রিয়া জানাব। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটির, এ ব্যাপারে আমি এমসিএ প্রেসিডেন্ট বিলাসরাও দেশমুখের সঙ্গে কথা বলব।’ ওয়েবসাইট।