নায়ক সেই ন্যুয়েরই!
তিনি জার্মানির ১ নম্বর গোলরক্ষক। বিশ্বকাপ খেলেছেন। তার পরেও ম্যানুয়েল ন্যুয়েরের ওপর সমর্থকদের যে খুব একটা আস্থা ছিল, তা বলা যাবে না। রিয়ালের বিপক্ষে প্রথম দিকে খুব একটা আস্থাবানও ছিলেন না ন্যুয়ের। দলও হেরেছে ম্যাচে। কিন্তু টাইব্রেকারের কল্যাণেই সেই ন্যুয়েরই বায়ার্ন মিউনিখের নায়ক। উল্টোদিকের গোলপোস্টেই ছিলেন বিশ্বের অন্যতম সেরা ইকার ক্যাসিয়াস। সেই ক্যাসিয়াসকে ছাপিয়েও এই গুরুত্বপূর্ণ ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন তিনিই।টাইব্রেকারে প্রথমেই তিনি মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচে একটি পেনাল্টিসহ দুই গোলের আত্মবিশ্বাস নিয়ে তিনি ন্যুয়েরের ডান দিক দিয়ে নিলেন প্রথম স্পট কিকটি। কিন্তু অসাধারণ দক্ষতায় তা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন এই জার্মান গোলরক্ষক। হঠাত্ই পুরো লাইমলাইট তাক হয়ে গেল তাঁর দিকে। এর পর আরেক তারকা কাকার শটটিও একইভাবে, একই দিক দিয়ে ঠেকিয়ে দিয়ে হয়ে উঠলেন বায়ার্নের সাফল্যের নায়ক। ফুটবল বিধাতা যে কখন কার ভাগ্যে কি লিখে রাখেন !লাইমলাইটে এর আগে ন্যুয়ের তেমনভাবে ছিলেন না। খেলতেন শ্যাকলেতে। বায়ার্ন মিউনিখের মতো বড় দলে এই প্রথম। শ্যাকেলের দুর্বল রক্ষণ সম্পদের কল্যাণে নিজের প্রতিভাদ্যুতি বেশ ভালো ভাবেই দেখাতে পেরেছিলেন তিনি। গত মৌসুমে ১১৪৭ মিনিট গোল না খেয়ে থেকে রেকর্ড গড়ে প্রশংসাবৃষ্টিতে ভিজেছিলেন। শ্যাকেলের দুর্বল রক্ষণব্যূহ যেন একাই সামলেছেন তিনি। এবার বায়ার্নে এসে বলতে গেলে কিছুটা খেইই হারিয়ে বসেছেন। নিন্দুকেরা বলাবলি শুরু করেছিলেন, বড় দলে খেলার মতো সামর্থ্য নাকি ন্যুয়েরের নেই। সমালোচকদের সেই সমালোচনার যুত্সই জবাবও তেমনভাবে দিতে পারছিলেন না। অনেকে বলেছেন জার্মান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেললেও বায়ার্ন মিউনিখের মতো ‘এলিট’ দলের ভার তিনি বইতে পারছেন না। অপেক্ষাকৃত তরুণ দুই গোলরক্ষক বার্নড লিনো ও মার্ক আন্দ্রে টের স্টেগনও নাকি সমালোচকদের ভাষায় ন্যুয়েরকে পেছনে ফেলছিলেন সবদিক দিয়েই। কিন্তু একটা ম্যাচের কিছু মুহূর্তই এক ঝটকায় বদলে দিল সবকিছু।কিন্তু দল হিসেবে বায়ার্ন মিউনিখের কিন্তু আস্থা ছিল ন্যুয়েরের ওপর। কালকের ম্যাচে ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বায়ার্ন খেলোয়াড়দের শরীরী ভাষা কিন্তু বলছিল তারা ম্যাচটিকে টাইব্রেকারে টেনে নিয়ে যেতে চাচ্ছে। অথচ এই বায়ার্ন মিউনিখই কিন্তু একটা সময়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জিততে চাইত। কাল টাইব্রেকারের অপেক্ষা কিন্তু দলটির এক নতুন চেহারা সবার সামনে তুলে ধরেছে। এই দলটি আগের দলগুলোর চেয়ে অনেক বেশি গোলরক্ষকের ওপর আস্থাশীল। ন্যুয়ের সেই আস্থার প্রতিদান দিয়েছেন পুরোপুরি।ন্যুয়ের কাল রোনালদো ও কাকার শট ঠেকিয়ে দিয়েছেন। রিয়ালের সার্জিও র্যামোস নিজের স্পট কিকটি এমনভাবে নিয়েছেন যেন তিনি বার্নাব্যুই পার করে দিতে চাচ্ছেন। বারের অনেক ওপর দিয়ে মারা সেই স্পট কিকটির পেছনেও কিন্তু কাজ করেছে ন্যুয়েরের অসাধারণ দুটি সেভ। ন্যুয়ের হয়তো র্যামোসের শটটি ঠেকাননি। কিন্তু তার আগের দুটি মিস র্যামোসকে মানসিকভাবে এমন কুঁকড়ে দিয়েছিল যে যার ফল হাতে-নাতেই পেয়ে গেল বায়ার্ন।বড় ম্যাচগুলোতে যেখানে লড়াই হয় সেয়ানে-সেয়ানে, বাঘে-মহিষে, সেখানে ন্যুয়েরের পারফরম্যান্সের মতো এমন দুই-একটি ব্যাপারই কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দেয়। কাল ন্যুয়ের যেমন বায়ার্নের ভাগ্য-বদলের নায়ক হলেন। আস্থার প্রতিদানের এর চেয়ে ভালো গল্প আর হয় নাকি !