নায়ক সেই রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে ৪৬ গোল। অথচ ইউরোয় যেন চেনাই যাচ্ছিল না তাঁকে। রিয়ালের ‘গোল মেশিন’ ক্রিস্টিয়ানোর রোনালদো প্রথম দুই ম্যাচে গোল খরায় কাটালেন। এর পরিণতি, জার্মানির কাছে হার এবং ডেনমার্কের বিপক্ষে অতি কষ্টে জয় পর্তুগালের।পর্তুগালের প্রথম দুই ম্যাচের পর অনেকে প্রশ্ন তোলেন, পর্তুগিজরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে কি, পারবে না। সমালোচনার বাণ ছুটে যায় রোনালদোর দিকেও। ঠিক পরের ম্যাচেই ‘স্বরূপে’ ফিরলেন পর্তুগিজ উইঙ্গার।হল্যান্ড, ডেনমার্ক, জার্মানি ও পর্তুগাল—এই চার শক্তিশালী দল নিয়ে গঠিত ‘বি’ গ্রুপকে বলা হচ্ছিল ইউরোর ‘গ্রুপ অব ডেথ’। অর্থাত্ মৃত্যুকূপ। পর্তুগাল মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসে রোনালদো-জাদুতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন। রোনালদোর একমাত্র গোলেই গতকাল রাতে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে ইউরোর সেমিফাইনালে উঠল তাঁর দল পর্তুগাল।রোনালদোর একমাত্র গোলে পর্তুগালের জয়—এটুকু বললে অবশ্য তাঁর প্রতি অবিচারই করা হবে! একটা গোলের কৃতিত্বই শুধু নয়, এর বাইরেও অনেক কিছু করেছেন পর্তুগিজ উইঙ্গার। খেলার প্রথম ২০ মিনিট ছন্নছাড়া খেলা খেলছিল পর্তুগাল, চেক দুই দলই। খেলায় প্রাণ ফিরে আসে রোনালদো-ঝলকেই।পর্তুগালের জয়সূচক গোলে করেও নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন রোনালদো। চেককে গোল বন্যায় ভাসিয়ে দেওয়ার মতো করে খেলেও যে মাত্র একটি গোলের দেখা পেলেন তিনি! দুবার বল লাগল, বাইসাইকেল শট চলে গেল বাইরে। আরও কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও পারলেন না। কাঙ্ক্ষিত সেই গোল এল অবশেষে ৭৯ মিনিটে। মুতিনহোর অসাধারণ এক ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ালেন পর্তুগিজ অধিনায়ক।ম্যাচ শেষে রোনালদোর প্রতিক্রিয়া, ‘পর্তুগালের হয়ে দারুণ একটা ম্যাচ কাটল। প্রথম ২০ মিনিট আমরা ভালো খেলিনি। কিন্তু নিজেদের সামর্থ্য দেখিয়েছি আমরা। প্রচুর সুযোগ পেয়েছি। চেক কোনো সুযোগই পায়নি।’পর্তুগালের ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘সম্ভাবনা ৫০-৫০। শুধু নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে খেলতে হবে আমাদের।’এ নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখী হয়েছিল পর্তুগাল ও চেক। আগের দুটি লড়াইয়ের দুটিই আবার ছিল ইউরো আসরে। ১৯৯৬ সালে জয় পায় চেক। অন্যদিকে ২০০৮ সালের লড়াইয়ে জয়ী হয় পর্তুগাল। এবার মুখোমুখী লড়াইয়ে চেককে পেছনে ফেলল পর্তুগাল। রয়টার্স।