নায়ক সেই রোমেরোই!

আর্জেন্টিনার জয় মানেই বরাবরই ধারালো আক্রমণভাগের সাফল্যের গল্প। যে দলে লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুইয়েনের মতো তারকারাজি বিদ্যমান—সেই দলের মধ্যভাগ কিংবা রক্ষণভাগের সেনানীরা থাকেন বরাবরই ‘আনসাং হিরো’। এ ক্ষেত্রে গোলরক্ষক হলে তো কথাই নেই! সম্ভবত পরাশক্তির দলগুলোর মধ্যে একমাত্র আর্জেন্টিনার গোলরক্ষক পান সবচেয়ে কম প্রচারের আলো। অথচ সেই আপাত অখ্যাত আর্জেন্টাইন গোলরক্ষকই কিনা সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়ক! গত রাতে ফুটবল বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে সব আলো নিজের করে নিয়েছেন সার্জিও রোমেরো।
শুধু এ ম্যাচেই নয়, গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছেন রোমেরো। তাঁকে পরাভূত করা গেছে মাত্র তিনবার। বিশ্বকাপে চার সেমিফাইনালিস্টের মধ্যে তিনিই সবচেয়ে কম গোল খাওয়া গোলরক্ষক। অথচ বিশ্বকাপের আগে রোমেরোর ওপর আর্জেন্টিনা সমর্থকদের ভরসা ছিল সামান্যই। ক্লাব ফুটবলেই যে নিয়মিত ছিলেন না তিনি!
ইতালির সাম্পদোরিয়া থেকে গেল বছর ধারে এসেছেন ফরাসি ক্লাব মোনাকোয়। কিন্তু কোচ ক্লদিও রানিয়েরির সুনজরে ছিলেন না ২৭ বছর বয়সী এ গোলরক্ষক। সাইড বেঞ্চে বসেই কেটেছে সময়। লিগ-ওয়ানে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তাঁর।

২০১০ বিশ্বকাপের অভিজ্ঞতাও জ্বলজ্বল করছিল আর্জেন্টিনা ভক্তদের মনে। সেবার কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ‘হালি হজমে’র দায়ভার তাঁর ওপরও বর্তায়। রীতিমতো ঠায় দাঁড়িয়ে তিনি সে ম্যাচে দেখেছিলেন আর্জেন্টিনার বিপর্যয়। তার পরও এই বিশ্বকাপে কোচ সাবেলা কেন তাঁর ওপর ভরসা রাখলেন, সেটা ছিল বিরাট এক প্রশ্ন।
আসল হীরা চেনাই তো পাকা জহুরির কাজ। সাবেলা কতটা ঝানু জহুরি, তার প্রমাণ রোমেরোকে দলে ঠাঁই দেওয়া। ফুটবলপ্রেমীদের মনে পড়বে—আর্জেন্টিনার সর্বশেষ বড় সাফল্য—২০০৮ অলিম্পিকে সোনা জয়। সেই চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ছিলেন রোমেরো। ২০০৭ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী দলেও ছিলেন রোমেরো। দেশের হয়ে ৫০ ম্যাচ খেলা দ্বিতীয় আর্জেন্টাইন গোলরক্ষকও তিনি। আরেকটি বিষয় সাবেলাকে প্রভাবিত করে থাকতে পারে—রোমেরো মেসির খুব ঘনিষ্ঠ বন্ধুও।
সেমিফাইনালে দলকে জিতিয়ে গুরুর প্রতি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করলেন রোমেরো। বললেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়টা কাটিয়ে উঠতে তিনি আমাকে অনেক সহায়তা করেছেন। এটি আমার ক্যারিয়ারের প্রথম বছর, যার পুরো সময় কাটাতে হয়েছে বেঞ্চে। আলেসান্দ্রোর (সাবেলা) প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন।’
টাইব্রেকারে হল্যান্ডের রন ভ্লার ও ওয়েসলি স্নেইডারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলের জয় এনে দেওয়ার পর স্তুতিবন্যায় ভাসছেন রোমেরো। লাজুক, বিনয়ী রোমেরো বললেন, ‘বাস্তবতা হচ্ছে পেনাল্টি সব সময় ভাগ্যের ওপর নির্ভর করে। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ—সব ঠিকঠাক হয়েছে।’
মজার ব্যাপার, রোমেরোর আজকের সাফল্যের পেছনে ডাচ কোচ লুই ফন গালের ভূমিকা অপরিসীম! ২০০৭ থেকে ২০১১—চার বছর ডাচ ক্লাব আল্কমারে যখন ছিলেন, তখনই কোচ হিসেবে পেয়েছিলেন ফন গালকে। স্বদেশি ক্লাব রেসিং ছেড়ে ওই প্রথম ইউরোপে পাড়ি জমান রোমেরো।
আর্জেন্টিনা গোলরক্ষক তাই বললেন, ‘সাজঘরে লুইকে (ফন গাল) কৃতজ্ঞতা জানিয়েছি। ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন রীতির একটা দেশে গিয়েছিলাম। হল্যান্ডে থাকার সময় তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমার সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলতেন। অনেক কিছু বলতেন। সত্যটা হলো, তিনি খুব ভালো একজন শিক্ষক। ভিনদেশি হয়েও তিনি আমাকে যেভাবে সহায়তা করেছেন, আমি তাঁর কাছে চিরঋণী।’
গুরুমারা বিদ্যা রোমেরো যে এভাবে কাজে লাগাবেন, সেটি কি ভেবেছিলেন স্বয়ং ফন গল? ডাচ কোচ বাস্তববাদী। আদর্শ শিক্ষকের মতোই বললেন, ‘রোমেরোকে আমি পেনাল্টি ঠেকানো শেখায়নি। আমরা একই ক্লাবে ছিলাম। খেলাটা নিয়ে অনেক কিছু ওকে শেখাতে চেয়েছি। ওর প্রতিভা দেখেই কিন্তু ওকে ইউরোপে এনেছিলাম।’ এএফপি, রয়টার্স।