নায়ক সেই শাখাওয়াত
খেলোয়াড়দের কাঁধে লোডভিক ডি ক্রুইফ। তাঁর সহকারী রেনে কোস্টারকেও শূন্যে তুলে আনন্দ করছেন বাংলাদেশের ফুটবলাররা। এ দৃশ্য দেখে মন জুড়িয়ে যাবে যেকোনো বাংলাদেশিরই।তবে নিজেদের মাঠে এমন কিছু দেখতে চায়নি নেপাল। কিন্তু কাল সন্ধ্যায় প্রতিপক্ষের উৎসব দেখে বিষণ্ন মনে ঘরে ফিরতে বাধ্য হলো কাঠমান্ডুবাসী।ক্রুইফের ভাষায় ম্যাচটা ছিল ‘ডার্বি ম্যাচ’। সাধারণত একই শহরের দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর লড়াইকে ডার্বি বলা হয়। কিন্তু বাংলাদেশ-নেপাল লড়াইটাকে ডার্বি ম্যাচেরই মর্যাদা দিলেন বাংলাদেশ কোচ। সেই মর্যাদার লড়াইয়ে জয়ের পর ডাচ কোচ উৎসবের মধ্যমণি হয়ে রইলেন। তবে বেশিক্ষণ নয়। সংবাদ সম্মেলনে যেতে হয়েছে দ্রুতই।সাংবাদিকদের নানা প্রশ্নে ক্রুইফ ধীরস্থির। যা বললেন, সারমর্মটা এমন, ‘দুই গোলের পর আমরা ম্যাচটাকে হাতে নিয়ে নিই। সুযোগ কাজে লাগাতে পারেনি নেপাল। এটা ওদের দুর্ভাগ্যই। শুরুতে আমরা একটু নার্ভাস ছিলাম। তবে খেলাটা ধরে আমরা গোল আদায় করেছি। এটা ছেলেদের কৃতিত্ব। সবচেয়ে বড় কথা, ওরা ম্যাচের দাবি অনুযায়ীই খেলতে পেরেছে।’শেষ বাঁশি বাজতেই বাংলাদেশ তাঁবুতে উল্লাসে মাতোয়ারা ফুটবলারদের মুখে অনুতাপ। বিশেষ করে, জয়ের নায়ক শাখাওয়াতকে দেখিয়ে কোমল বললেন, ‘ফিলিস্তিন ম্যাচে ও মিস করায় সবাই ওকে দোষারোপ করেছে। আজ ওর প্রশংসার দিন।’অবশ্যই প্রশংসা দাবি করছেন শাখাওয়াত। এভাবে ফিরে আসা যেকোনো ফুটবলারের কাছেই দারুণ ব্যাপার।অধিনায়ক মামুনুল বলছিলেন, ‘আমরা নিজেদের প্রমাণ করতে পেরেছি। নেপাল ম্যাচটা অনেক চাপের মধ্যে খেলতে হয়েছে। ২২-২৩ হাজার দর্শকের বিপক্ষে খেলে এমন জয় পাওয়া দুর্দান্ত।’একটা জয় বাংলাদেশের ফুটবলের চেহারা বদলাতে কতটা ভূমিকা রাখতে পারে, তা দেখা গেল এদিন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বললেন, ‘এই জয় আমাদের প্রয়োজন ছিল। আমরা যে নতুন দিনের শুরু করেছি, দুজন ডাচ কোচ এনেছি, সেই পথে যাত্রাটা ভালোই হয়েছে। এটাই সবচেয়ে বড় সন্তুষ্টির।’ক্রুইফ কাল ম্যাচের আগে কথা বলেছেন সালাউদ্দিনের সঙ্গে। বাংলাদেশের খেলোয়াড়েরা ৫০-৬০ মিনিট পর আর দম রাখতে পারেন না, এই সমস্যা দূর করতে বিদেশি একজন পুষ্টি বিশেষজ্ঞ এবং একজন ট্রেনার চেয়েছেন। সালাউদ্দিন এই চাহিদাও পূরণ করার আশ্বাস দিয়েছেন কোচকে।এই ২-০ জয়টা কাঠমান্ডুতে আসা বাংলাদেশের কর্মকর্তাদের উজ্জীবিত করেছে। শেখ জামালের সভাপতি মনজুর কাদের ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা দিলেন খেলোয়াড়দের ভিড়ে। রাতে ডিনারে নিয়ে গেলেন গোটা দলকে। তিনি মুগ্ধ বাংলাদেশ দলের খেলায়, ‘অনেক দিন পর টোটাল ফুটবল দেখলাম।’ওদিকে নেপালের কোচ জ্যাক স্টিফানোস্কি ছিলেন হতাশ। আসলে পোলিশ ভদ্রলোক ভাবতেই পারেননি, ম্যাচটা বাংলাদেশ ছিনিয়ে নেবে। সংবাদ সম্মেলনে বড় কোনো অজুহাত দেননি, ‘আমরা সুযোগ নষ্ট করে হেরেছি। আমাদের অন্তত গোটা তিনেক গোল পাওয়া উচিত ছিল। বাংলাদেশ সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে।’ এটা বলে তাঁর সংযোজন, ‘প্রথম গোলটার জন্য আমরা একটু আনলাকি।’কাতারের রেফারির ওপর ক্ষিপ্ত ছিল স্থানীয় দর্শকেরা। তবে নেপালের কোচ বলেছেন, ‘ম্যাচের ভিডিও দেখে বুঝতে পারব, রেফারিং কেমন হয়েছে।’