নায়ক সেই স্যামুয়েলস
তাঁর ব্যাটই পার্থক্য গড়ে দিয়েছে, নির্দিষ্ট করে বললে স্যামুয়েলসের ছয়টি ছক্কাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। শ্রীলঙ্কাকে যে ওই ৩৬ রানেই হারিয়েছে ক্যারিবীয়রা। বিশ্বজয়ের আনন্দে কোথায় চপল হওয়ার কথা যাঁর সেই স্যামুয়েলস সংবাদ সম্মেলনে একেবারেই গুরুগম্ভীর। যেন একটু হাসি বা চপলতা গুরুত্ব কমিয়ে ফেলবে এই মাত্র যা অর্জন করেছেন সেটির। কষ্ট করে যাও একটু হাসলেন সেটা লাসিথ মালিঙ্গার ওপর চড়াও হওয়ার প্রসঙ্গ উঠতেই।হয়তো যা পেয়েছেন সেটা তাঁর কাছে শুধুই আরেকটি অর্জন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ ক্রিকেট ক্যারিয়ারে উত্থান-পতন কম তো দেখেননি। ক্যারিয়ারের শুরুতে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ। এরপর ২০০৮ সালে বাজিকরদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধই হয়ে গেলেন ক্রিকেট থেকে। ক্যারিয়ারই তো শেষ হয়ে গিয়েছিল!কিন্তু না, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এক বছর পরই ২০১১ সালে জাতীয় দলে ফিরলেন। আর তারও এক বছর পর তো হয়ে গেলেন ইতিহাস। ৩৩ বছর পর দলকে জেতালেন আরেকটি বিশ্বকাপ। পারফরম্যান্স দিয়েই খলনায়ক থেকে নায়ক স্যামুয়েলস। ক্যারিয়ারের সবচেয়ে উত্তুঙ্গ মুহূর্তেও কঠিন সেই সময়টাকে ভোলেননি স্যামুয়েলস, ‘ক্যারিয়ারে কত উত্থান-পতন, কত কঠিন সময় দেখলাম। মাঠের বাইরে আমি যা সয়েছি তার তুলনায় মাঠের চাপটা কিছুই না।’কীভাবে সেই কঠিন সময়টা পার করলেন সেটার ব্যাখ্যাও দিয়েছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান, ‘আমার গুরু আমাকে সব সময়ই বলে এসেছেন, যা কিছু হচ্ছে সেটা আমি গুরুত্বপূর্ণ বলেই হচ্ছে। আমি এমন একটা মানুষ যে কখনো হাল ছাড়ে না। আমি কখনোই হাল ছাড়িনি। আমার ভেতরে যে মানুষটা আছে তাঁর কারণেই আজও ক্রিকেট খেলে যাচ্ছি। আমার একটা পরিবার আছে, যারা আমার ওপর আস্থা রাখে। বাইরের লোকজনের সেটা না থাকলেও আমার কিছু আসে-যায় না।’ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের পেছনে সাবেক ও বর্তমান সব ক্রিকেটারের অবদান আছে বলে মনে করেন স্যামুয়েলস। কথা বলেছেন মালিঙ্গার ১১ বল থেকে ৩৯ রান নেওয়া নিয়েও। মালিঙ্গাকে কীভাবে খেলবেন সেটা নাকি আগের রাতেই ভেবে রেখেছিলেন, তা ছাড়া একটা প্রতিশোধের ব্যাপারও নাকি ছিল, ‘এর আগে তার সঙ্গে একবারই খেলেছি (আইপিএল), সে আমাকে বোল্ড করেছিল। আমি খুব হতাশ ছিলাম। সেই হতাশাটাই ওকে ফিরিয়ে দিলাম।’ ওয়েবসাইট।