
হাতে সাদা ব্যান্ড। চুল বেণি করা। মুখে চাপদাড়ি। বব মার্লের ভক্ত প্যাসকাল মিলিয়েন প্রথম দেখায় নজর কাড়েন এমনিতেই।
কেমন খেলেন, সেটাই হচ্ছে কথা। হাইতিয়ান ফরোয়ার্ড কাল প্রথম ম্যাচে মোটামুটি উতরেই গেলেন। মাঠে ১০ নম্বরের কাজটা করেন সনি নর্দের বন্ধু। চকিতে ঘুরে অল্প জায়গা থেকে শট নেওয়ার ক্ষমতা আছে। বল নিয়ন্ত্রণ, পাসিং—সবই ভালো।
আবাহনীর বিপক্ষে শেখ রাসেলের ঘুরে দাঁড়ানোর ম্যাচে কাল সহজতম সুযোগ নষ্ট করেছেন ২৭ বছর বয়সী ফুটবলারই। গোলরক্ষককে একা পেয়েও বল মেরেছেন পোস্টের বাইরে দিয়ে। সেটি গোল হলে ম্যাচ রিপোর্টের শিরোনাম হতে পারত—খেলতে নেমেই নায়ক প্যাসকাল।
নর্দের পর আরেকজন তারকা পেতে যাচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ—এমন প্রত্যাশা অনেকেরই। দিন কয়েক আগে প্রথম ঢাকায় এসেও চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় ফিরে যান প্যাসকাল। তাঁকেই ফিরিয়ে আনল শেখ রাসেল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট হারানোর পর কোচ মারুফুল হক লিগ শিরোপা ধরে রাখার ব্যাপারে হাল ছেড়ে দিলেও কর্তারা ভরসা ভাবছেন প্যাসকালকে।
আবাহনীর সঙ্গে ড্র করে মারুফুল বললেন, ‘আগের ভঙ্গুর কাঠামোটা বদলে যাচ্ছে চোট থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা ফিরে আসায়। প্যাসকাল প্রথম দিনে বোঝাতে পেরেছে, সে দ্রুতই নজরকাড়া কিছু করতে পারবে। কাজেই এই ড্রয়ে আমি আবার লিগ লড়াইয়ে ফেরার প্রত্যাশা করছি।’
আবাহনীও এদিন নতুন একজন ফরোয়ার্ড নিয়ে নেমেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ক্যামেরুনিয়ান প্যাট্রিক এত দিন দলের সঙ্গে শুধু অনুশীলনই করেছেন, মরিসন থাকায় তাঁর খেলা হয়নি। গোলের জন্য দলের সবচেয়ে বড় ভরসা মরিসন চোটের কারণে এ ম্যাচে খেলেননি। প্যাট্রিক সুযোগ পেয়ে কোচের আস্থার প্রতিদানই দিয়েছেন। তবে আবাহনী একজন স্ট্রাইকার নিয়ে খেলতে চায় বলে মরিসন ফিরলে প্যাট্রিক প্রথম একাদশে জায়গা পান কি না, সেটি অনিশ্চিত।
৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আবাহনী শীর্ষেই রইল। তবে আকাশি-নীল দলটি আক্রমণভাগই যেন ঠিক করতে পারছে না। আবাহনী কাল দ্বিতীয়ার্ধে প্রাধান্য নিয়ে খেললেও গোলমুখে তাদের ঝাঁপিয়ে পড়া ভাবটা ছিল না। মিডফিল্ডাররা ওপরে ওঠে আক্রমণকে ধারালো করতে অনিচ্ছুক ছিলেন। ফলে আক্রমণে ইব্রাহিম-প্যাট্রিকদের নিঃসঙ্গ লেগেছে অনেক সময়ই।
শেখ রাসেল এদিন লম্বা পাস, দ্রুত আক্রমণ এবং গোল আদায়ের দিকে ঝুঁকেছিল বেশি। শেখ রাসেল ‘বিল্ড আপ’ ফুটবলে যায়নি বলে ম্যাচে দর্শনান্দ তেমন ছিল না। প্যাসকাল অবশ্য এসব নিয়ে ভাবেন না, ‘কোচ কীভাবে দলকে খেলাবেন, সেটি তাঁর ব্যাপার। দলকে সহায়তা করারই আমার মূল লক্ষ্য। আস্তে আস্তে নিজেকে তুলে ধরতে পারব আশা করি।’
নর্দের প্রতিদ্বন্দ্বী কি এসে গেল তাঁর দেশ থেকেই?
পয়েন্ট তালিকা
ম্যাচজয় ড্র হার গোল পয়েন্ট
আবাহনী ৭ ৫ ২ ০ ৮/১ ১৭
শেখ জামাল ৫ ৪ ১ ০ ১৩/৫ ১৩
শেখ রাসেল ৮ ৩ ৩ ২ ১১/৬ ১২
মুক্তিযোদ্ধা ৭ ৩ ২ ২ ৯/৮ ১১
মোহামেডান ৭ ২ ৪ ১ ৭/৪ ১০
ব্রাদার্স ৭ ২ ২ ৩ ৮/১১ ৮
বিজেএমসি ৬ ২ ১ ৩ ১১/৭ ৭
উ. বারিধারা ৭ ১ ৩ ৩ ৪/১৬ ৬
চট্ট. আবাহনী ৭ ১ ১ ৫ ৫/১২ ৪
ফেনী সকার ৭ ০ ৩ ৪ ৬/১২ ৩