নায়কের কণ্ঠে দলের জয়গান
মাইক্রো সেকেন্ডের ব্যবধান। সেকেন্ডের ভগ্নাংশের হেরফেরে মাস দুয়েক আগে তিনি ছিলেন ‘ট্র্যাজিক হিরো’। হারারেতে সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে, ছয় মারতে গিয়ে ক্রিস পোফুর বলে ধরা পড়েছিলেন লং অনে। কাল টাইমিং একদম নিখুঁত, বল গ্যালারির দ্বিতীয় তলায়। মুশফিকুর রহিম কাল সত্যিকারের নায়ক!তবে নায়কের আগে এখন তিনি অধিনায়ক। তাই ব্যক্তিগত গৌরবের চেয়েও বেশি উচ্ছ্বসিত দলের জয়ে। টস জয় থেকে শুরু করে অধিনায়কত্বে অভিষেকের ম্যাচটায় সম্ভব সবকিছুই পেয়েছেন। মুঠো থেকে বেরিয়ে যেতে বসা জয় প্রায় এক হাতে ছিনিয়ে এনেছেন। কিন্তু জয়ের কৃতিত্ব দিলেন পুরো দলকেই।সবকিছু যখন পরিকল্পনামতো হয়, একজন অধিনায়কের কাছে এর চেয়ে বড় তৃপ্তি আর কী আছে! কাল সেই তৃপ্তিটাই ছিল মুশফিকের কণ্ঠে, ‘সবাই চায় প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে। এর চেয়ে ভালো শুরু আর হতে পারত না। ইচ্ছে ছিল আগে বোলিং করব, কারণ আমাদের ধারণা ছিল, পরে শিশির পড়তে পারে। আমাদের স্পিনারদের তাই সমস্যা হতে পারত। পরিকল্পনা ছিল, ওদেরকে কম রানে বেঁধে ফেলা, সেটা হয়েছে। ব্যাটিংয়ে টপ অর্ডারে মোটামুটি একটা ভালো সূচনা হয়েছে। মিডল অর্ডারে একটু ধস নেমেছিল, কিন্তু লোয়ার মিডল অর্ডারে নাসির-নাঈম ভাইরা অবদান রেখেছেন। সব মিলিয়ে এটা পুরোপুরি দলীয় প্রচেষ্টার ফসল।’ছক্কা দিয়ে জয় পাওয়াটাই শেষ পর্যন্ত এই ম্যাচের চৌম্বক অংশ। তবে জয়ের ক্ষেত্রটা তৈরি হয়েছিল ম্যাচের প্রথম ভাগেই। অধিনায়কের কণ্ঠে তাই ছিল বোলার-ফিল্ডারদের উচ্ছ্বসিত প্রশংসা, ‘আমাদের বোলাররা খুবই ভালো বোলিং করেছে। আর ফিল্ডিংটা দারুণ হয়েছে। অন্তত ১০ থেকে ১২ রান বাঁচিয়েছি ফিল্ডিংয়ে। সেটাই শেষ পর্যন্ত অনেক ব্যবধান গড়ে দিয়েছে। আমি সত্যিই খুশি।’ব্যাটসম্যানদের ব্যর্থতায় সহজ ম্যাচটা জিততে হয়েছে কঠিন করে। তবে মুশফিকের আশা, ওয়ানডেতেই ব্যাটসম্যানদের দেখা যাবে স্বরূপে, ‘টি-টোয়েন্টি ক্রিকেট একটু কঠিন খেলা। দ্রুত রান করতে হয় বলে ধারাবাহিকভাবে রান পাওয়া মুশকিল। অনেক ঝুঁকিপূর্ণ শট খেলতে হয়। এটা কখনো পক্ষে যায়, কখনো যায় না। আশা করি ওয়ানডেতে ব্যটসম্যানদের ধারাবাহিকভাবে ভালো খেলতে দেখা যাবে।’শুধু ব্যাটসম্যানদের জন্য নয়, গত চার বছরে বাংলাদেশ দলের জন্যই টি-টোয়েন্টি ছিল ভীষণ কঠিন। টানা ১২ ম্যাচে হারার লজ্জার রেকর্ড তো গড়া হয়েছেই, ক্রিকেটারদের খেলার ধরন দেখে মনে হতো টি-টোয়েন্টির চেয়ে জটিল ক্রিকেট বুঝি আর নেই! ম্যাচের আগে যেমন বলেছেন, কালও মুশফিক স্বীকার করলেন, টি-টোয়েন্টিতে ধাতস্থ হতে পারছে না বাংলাদেশ, ‘টি-টোয়েন্টিতে আমরা এখনো অতটা ভালো টিম নই। আমি বলব, আজ ওরাই ফেবারিট ছিল। কিন্তু ক্রিকেট নির্দিষ্ট একটি দিনের খেলা। আজ আমরা তিনটি বিভাগেই ওদের চেয়ে ভালো খেলেছি।’ তিনটি বিভাগেই শ্রেয়তর, তবে ছয়টা না হলে হয়তো টি-টোয়েন্টির রসায়ন বুঝতে না পারার গল্প লিখতে হতো কালও। মুশফিক ভেবেছিলেন রবি রামপল ইয়র্কার করার চেষ্টা করবেন, সে ক্ষেত্রে যদি ফুলটস বা হাফভলি পড়ে যায়, তাহলে ব্যাট চালাবেন। কিন্তু হলো লেন্থ বল, তবুও ছয়। মুশফিক হাসেন, ‘যেভাবেই হোক, হয়েছে তো!’এটাই তো সত্যি, হয়েছে তো!