নায়ক-খলনায়কের মঞ্চ

টাইব্রেকারের প্রথম শটটি নিতে যখন এগিয়ে আসছেন, ডেভিড লুইজের মনে তখন নিশ্চয়ই কতশত ভাবনার দোলাচল? ম্যাচের প্রথম গোলটি করেছিলেন তিনিই, কিন্তু এরপর ম্যাচে এত কিছু হয়ে গেছে যে সেই গোলকে মনে হচ্ছিল কোন সুদূরের ঘটনা। দেশের জার্সিতে প্রথম গোল করার দিনটিতেই না আবার হয়ে যান খলনায়ক। শেষ পর্যন্ত তা হয়নি, ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়েছেন লুইজ। তবে সেই সৌভাগ্য হয়নি আলেক্সিস সানচেজের। দলকে সমতায় ফেরানো গোলটি করেছেন, গোটা ম্যাচেই চিলিয়ান ফরোয়ার্ড খেলেছেন দুর্দান্ত। কিন্তু টাইব্রেকারে িমস করলেন দলের দ্বিতীয় শট।
টাইব্রেকার এমনই এক মঞ্চ। মুহূর্তেই যা নির্ধারণ করে নায়ক-খলনায়ক। আগের সবকিছু যেখানে মিথ্যা! টাইব্রেকার মিস করলে যেমন ম্যাচের গোলটি হয়তো ভুলেই যেতেন লুইজ। সানচেজকেও তেমনি ম্যাচের গোলের তৃপ্তির চেয়ে টাইব্রেকার মিস করার যন্ত্রণাই পোড়াচ্ছে বেশি! মরিসিও পিনিলার আবার ফুটবল-বিধাতাকে মনে হতে পারে বড্ড নিষ্ঠুর। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে চিলিয়ান ফরোয়ার্ডের একটি গোলা ফিরে আসল ব্রাজিলের বার কাঁপিয়ে। শটটি কয়েক ইঞ্চি নিচে থাকলেই হতে পারতেন গোটা দেশের আনন্দের মধ্যমণি। অথচ টাইব্রেকারে প্রথম শটটি মিস করে সেই পিনিলাই নাড়িয়ে দিলেন সতীর্থদের মনোবল। মূল সময়ে ব্রাজিলের হজম করা একমাত্র গোলটি হয়েছিল হাল্কের ভুল থেকে। তবে আগের ম্যাচগুলোতে সেভাবে জ্বলে উঠতে না-পারা উইঙ্গার গোটা ম্যাচেই খেলেছেন দারুণ। কিন্তু টাইব্রেকার করেছেন মিস। দল হারলে এই হাল্কই হতে পারতেন ব্রাজিলের খলনায়ক। দলের জয়ে যেমন মুছে গেছে উইলিয়ানের টাইব্রেকার-ব্যর্থতাও।
আর সিজার-ব্রাভো? ম্যাচজুড়ে বীরোচিত পারফরম্যান্স দুজনেরই। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়েছেন হুলিও সিজার, একটি ক্লদিও ব্রাভো। ম্যাচ শেষে সিজারের মুখে যখন বিশ্বজয়ের হাসি, ব্রাভোর মুখে স্বপ্নভঙ্গের যন্ত্রণার ছাপ। টাইব্রেকার কাউকে দেয় দুহাত ভরিয়ে, কারও কারও জন্য বড্ড নিষ্ঠুর। গঞ্জালো হারা আর নেইমারের কথাই ভাবুন। অস্বস্তিতে ভরা রানআপে বারবার থমকে গিয়েও টাইব্রেকারে গোল করেছেন নেইমার, চিলির হারার শট বারের ভেতরের দিকে লেগেই গোললাইনের সামনে দিয়ে গড়িয়ে গেল বাইরে। সাফল্য আর ব্যর্থতার ব্যবধান কখনো কখনো এতটাই সূক্ষ্ম!