না-ফেরার দেশে জাহাঙ্গীর

ঝরঝরে বাংলা লিখতে পারতেন। মাতৃভাষার মতো বলতেন ইংরেজি। ক্রীড়া সাংবাদিকতায় থাকলে হয়তো তাঁর পরিচিতির বৃত্তটা আরও বড় হতো। সাংবাদিকতা ছেড়ে পরে যোগ দিয়েছিলেন ব্যাংকিং পেশায়। ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। যাঁর কথা বলা হচ্ছে, সেই জাহাঙ্গীর আলম আর নেই। গতকাল হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৪১ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।
গল ব্লাডারের অস্ত্রোপচারের সময় তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার রাতে হঠাৎ করেই অসুস্থতা বোধ করায় ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কাল সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি। বন্ধ হয়ে যাওয়া দৈনিক বাংলার বাণী এবং ইনকিলাব পত্রিকায় ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেছেন জাহাঙ্গীর আলম। পেশাবদলের পরও নিয়মিত লিখতেন পাক্ষিক ক্রীড়াজগৎ-এ। কয়েকটি উপন্যাসের পাশাপাশি খেলাধুলা নিয়েও কয়েকটি বই লিখেছেন। স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।