নিঃস্বার্থ চার মূর্তি
পুরুষ এককে লড়াইটা এই চারজনের মধ্যেই হয়। চারজনই একে অন্যের তুমুল প্রতিপক্ষ। কিন্তু সেটা কোর্টে। কোর্টের বাইরে চারজনই একে অন্যের খুব ভালো বন্ধু। চারজন পরস্পরের সম্পর্কে দারুণ শ্রদ্ধাশীলও। রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ আর অ্যান্ডি মারে—টেনিসের চার শীর্ষ তারকা এবার জোট বেঁধে দারুণ এক উদ্যোগ নিয়েছেন। তাঁদের এই প্রচেষ্টায় আগামী উইম্বলডনের প্রাইজমানি ১০ শতাংশ বাড়ছে। চারমূর্তির এই উদ্যোগ বেশি প্রশংসা কুড়াচ্ছে আরেকটি কারণে। এতে সবচেয়ে বেশি লাভবান হবেন দুর্বল খেলোয়াড়েরা, যাঁরা প্রথম রাউন্ডে বাদ পড়ে যান। সবচেয়ে বেশি, ২৭ শতাংশ প্রাইজমানি বাড়ছে প্রথম রাউন্ডে বাদ পড়াদের জন্যই।সব মিলিয়ে ১০ শতাংশ বেড়ে উইম্বলডনের প্রাইজমানি হয়েছে ১ কোটি ৬১ লাখ পাউন্ড। প্রথম রাউন্ডে বাদ পড়ারা আগে পেতেন সাড়ে ১১ হাজার পাউন্ড। এবার থেকে পাবেন সাড়ে ১৪ হাজার। প্রথম রাউন্ডে বাদ পড়াদের অনেকেই যাতায়াত খরচ পুষিয়ে উঠতে পারেন না। নিয়মিত কোচও রাখা হয় না অনেকের। এই বৃদ্ধি কিছুটা হলেও কাজে আসবে তাঁদের জন্য।অল-ইংল্যান্ড ক্লাবের চেয়ারম্যান ফিলিপ ব্রুক চারজনের এই উদ্যোগে দারুণ মুগ্ধ, ‘এই চারজনের সঙ্গে কিছুদিন আগে বসেছিলাম। তাদের কাছে যা শুনলাম, সেটি কিন্তু তাদের নিজেদের প্রাইজমানি বৃদ্ধির দাবি নয়। বরং তারা সব খেলোয়াড়েরই প্রতিনিধিত্ব করছিল।’ ওয়েবসাইট।