নিউক্যাসলের ‘ফরাসি বিপ্লব’!
নিউক্যাসলের ইংলিশ কোচ অ্যালান পারডিউ কি তাহলে ফ্রান্সের প্রতি একটা আলাদা টান অনুভব করেন! জানুয়ারি মাসে সওদাপাতি ভালোই করেছেন পারডিউ। কিন্তু অবাক করা ব্যাপার হলো, পাঁচ-পাঁচজন ফরাসি ফুটবলার দলে নিয়েছেন। দুর্জনেরা তো এটিকে নিউক্যাসলের ‘ফরাসি বিপ্লব’ বলতেও ছাড়েনি। কিন্তু গত পরশু চেলসিকে ৩-২ গোলে হারানোর পর তাদের মুখে নিশ্চয়ই কুলুপ পড়েছে। সদ্য দলে আসা ফরাসি মিডফিল্ডার মুসা সিসোকোর দুই গোলেই যে স্নায়ুক্ষয়ী জয়টা পেয়েছে নিউক্যাসল! কদিন আগেই নিউক্যাসল ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন ডেম্বা বা। পুরোনো ক্লাবের মাঠে শুরু থেকেই দুয়ো শুনতে হয় এই স্ট্রাইকারকে। সাবেক ক্লাবের সমর্থকদের অমঙ্গল কামনাতেই কিনা ৩২ মিনিটেই নিউক্যাসল ডিফেন্ডার কোলোচ্চিনির ট্যাকলে নাক ভেঙে যায় ডেম্বা বার। মিনিট দশেক পর ভাঙা নাক নিয়ে মাঠই ছাড়তে হয়! হোনাস গুতিয়েরেজের গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও হুয়ান মাতার দুই গোলে জয় দেখতে পাচ্ছিল চেলসিই। কিন্তু ৬৮ মিনিটে সমতা আনার পর একেবারে অন্তিম মুহূর্তে গোল করে দলকে দারুণ এক জয় এনে দেন সিসোকো। ম্যাচ শেষে পারডিউয়ের কণ্ঠে ঝরল শুধু সিসোকোর প্রশংসা, ‘মুসা এখানে একজন দানবের মতো। খেলেছেনও দানবের মতো। তাঁর খেলায় যে শক্তি ও অদম্য মানসিকতা, সেটাই আমরা এই মৌসুমে খুঁজে বেড়াচ্ছিলাম।’ পরশু রাতে হোঁচট খেতে পারত ম্যানচেস্টার ইউনাইটেডও। ৭৮ মিনিট পর্যন্ত ফুলহামের সঙ্গে ম্যাচটা ছিল গোলহীন।এরপর ওয়েইন রুনির দুর্দান্ত এক গোল করে জিতিয়েছেন ইউনাইটেডকে। কদিন আগেই ফার্গুসন বলেছিলেন, এই মৌসুমে স্ট্রাইকারদের কাছ থেকে অন্তত ২০ গোল করে চান। কোচের কথাকে শিরোধার্য করারই যেন পণ করেছেন রুনি। গত তিন ম্যাচে চার গোল করলেন, তাঁর মোট গোল হলো ১০টি। এএফপি।