নিউক্যাসেলের বিপক্ষেও সতর্ক মানচিনি
গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। এবার শিরোপা জয়ের আশা জোরদার করতে লিগের পরবর্তী ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে রবার্তো মানচিনির শিষ্যরা। এবারের ম্যাচটা ম্যানইউয়ের বিপক্ষে ম্যাচটার চেয়েও কঠিন হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন ম্যানসিটির এই ইতালিয়ান কোচ।এবারের মৌসুমের শেষ পর্যায়ে দুর্দান্ত ফর্মে আছে নিউক্যাসেল ইউনাইটেড। আর গত বুধবার চেলসির বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়ার পর আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে গেছে নিউক্যাসেলের। সবকিছু বিবেচনায় বেশ সতর্ক অবস্থানেই থাকতে হচ্ছে মানচিনিকে। আজ শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘চেলসির বিপক্ষে নিউক্যাসেল চমত্কার খেলেছে। আর আমার মনে হয় তাদের মুখোমুখি হওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটা আমরা নিজেদের মাঠেই খেলেছিলাম। আর নিউক্যাসেলের মুখোমুখি হতে হবে তাদের মাঠে।’ নিউক্যাসেলের স্ট্রাইকার পাপিস সিসেকে বিশেষভাবে চিন্তা করছেন বলে জানিয়েছেন মানচিনি। শেষ ১২ ম্যাচে ১৩টি গোল করেছেন সেনেগালের এই স্ট্রাইকার। মানচিনি বলেছেন, ‘সিসে খুবই দুর্দান্ত খেলোয়াড়। চেলসির বিপক্ষেও সে দুটি দারুণ গোল করেছে। কিন্তু শুধু সে একাই না, পুরা নিউক্যাসেল দলটাই ভালো খেলছে।’ রয়টার্স।