নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৬ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন টেলর
৫৬ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন টেলর

নিউজিল্যান্ড সফরে এসে এই প্রথমবারের মতো প্রতিপক্ষকে সত্যিকারের পরীক্ষার মুখে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই উইকেটে ৬০ রান যোগ করে প্রথম ইনিংসের সংগ্রহটা ৩৬৭ রান পর্যন্ত নিয়ে গেছে সফরকারীরা। আর তারপর বল হাতেও নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নিয়ে বেশ ভালোভাবেই লড়াইয়ে টিকে আছে ড্যারেন সামির দল। অন্যদিকে ছেড়ে দেওয়ার পাত্র নয় স্বাগতিকেরাও। ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করা নিউজিল্যান্ডও লড়ে যাচ্ছে ম্যাচের লাগামটা নিজেদের হাতে নেওয়ার জন্য। সব মিলিয়ে হ্যামিলটন টেস্টের দ্বিতীয় দিন থেকেই পাওয়া যাচ্ছে বেশ জমজমাট লড়াইয়ের ইঙ্গিত।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি নিউজিল্যান্ড। ৪৩ রানের মাথায়ই হারিয়ে ফেলেছিল দুই ওপেনার হামিশ রাদারফোর্ড (১০) আর পিটার ফুলটনের (১১) উইকেট। তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ে অবশ্য প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছেন কেইন উইলিয়ামসন ও রস টেলর। দিনের শেষ ভাগে এই জুটি ভেঙে ক্যারিবীয় শিবিরেও আশা জাগিয়েছেন সুনিল নারাইন। ৫৮ রান করে আউট হয়েছেন উইলিয়ামসন। টেলর অবশ্য দিন শেষে অপরাজিতই আছেন ৫৬ রান করে। ১১ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
এর আগে ৬ উইকেটে ২৮৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে দ্রুতই গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বোলিং শুরু করেছিলেন নিউজিল্যান্ডের বোলাররা। শুরুতে সফলতাও পেয়েছিলেন। দিনের প্রথম ১১ ওভারের মধ্যেই সাজঘরমুখী করেছিলেন ড্যারেন সামি ও সুনিল নারাইনকে। কিন্তু শেষ দুই ব্যাটসম্যান বীরাস্বামী পারমল ও টিনো বেস্টকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন শিবনারায়ণ চন্দরপল। দুই বোলারকে নিয়েই ১৬ ওভার পর্যন্ত উইকেট কামড়ে পড়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শেষ দুই জুটি থেকেই এসেছে ৬০ রান। চন্দরপল শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন ১২২ রান নিয়ে। পারমল ২০ ও বেস্ট ২৫ রান করে আউট হয়েছেন।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার টিম সাউদি। চারটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। তিনটি উইকেট গেছে কোরে অ্যান্ডারসনের ঝুলিতে।