নিউজিল্যান্ড খেলোয়াড়দের একহাত নিলেন গ্রেটব্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফরে এসে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে ভেট্টরিদের। এ বিপর্যয়ের কারণে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে জবাবদিহিও করতে হয়েছে তাঁদের। কিন্তু বাংলাদেশ ঝড়ে এবার নিউজিল্যান্ড ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার যোগ্যতা আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নটা উঠেছে খোদ কিউই কোচ মার্ক গ্রেটব্যাচের কাছ থেকে। নিউজিল্যান্ডের কিছু ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো যথেষ্ট যোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ভরাডুবির জন্য অনেকেই দায়ী করেছেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে। কারও নাম উল্লেখ না করলেও একটা রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে গ্রেটব্যাচ বলেছেন, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ডের কিছু ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো যথেষ্ট যোগ্যতাসম্পন্ন নয়। আর বাকি খেলোয়াড়েরাও ততটা ভালো না, যতটা তারা ভাবে।’ নিউজিল্যান্ড খেলোয়াড়দের বাংলাদেশের কাছে সব ম্যাচই হেরে যাওয়ার পেছনে কোনো অজুহাতই থাকতে পারে না বলে মনে করেন গ্রেটব্যাচ।তবে খেলোয়াড়দের সততা নিয়ে কোনো সংশয় নেই কিউই কোচের। অনেকেই এমন অভিযোগ তুলেছিল, কিউই ক্রিকেটাররা দেশের হয়ে ভালো খেলার থেকে আইপিএলে খেলে অনেক টাকা কামানোর দিকেই বেশি আগ্রহী। কিন্তু এমন দাবি নাকচ করে দিয়ে গ্রেটব্যাচ বলেছেন, ‘আমার আট মাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এরা দেশের জন্য ভালো খেলতে চায়।’ এখন ভারতের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজে ভালো খেলেই নিশ্চয়ই সব সমালোচনা উড়িয়ে দিতে চাইবেন ভেট্টরিরা।—টাইমস অব ইন্ডিয়া