নিউজিল্যান্ড বোর্ডের ভুল শোধরানোর চেষ্টা
সম্প্রতি নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রস টেলরকে। এরপর টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন টেলর। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা। পরবর্তী সময় তাঁদের চাপে টেলরের কাছে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এখন সাবেক অধিনায়কদের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান ও যোগাযোগ আরও দৃঢ় করার পরিকল্পনা গ্রহণ করেছে বোর্ড। এর ফলে ভবিষ্যতে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটি এড়ানো যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।গত মাসে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজটিতে ১-১ ব্যবধানে ড্র করতে পারলেও সীমিত ওভারের ক্রিকেটে ব্যর্থতার মুখ দেখেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতেও জিততে পারেনি কিউইরা। এরপর কোচ মাইক হেসেনের নির্দেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় রস টেলরকে। ক্ষুব্ধ টেলরও পরবর্তী সময ফিরিয়ে দিয়েছেন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার প্রস্তাব। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এই ত্বরিত সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছেন সাবেক অধিনায়কেরাও। তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পরবর্তী সময় রস টেলরের কাছে দুঃখপ্রকাশও করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এখন ভবিষ্যতে যেন এই ধরনের ভুল-বোঝাবুঝি ও বিতর্কের জন্ম না হয়, সে চেষ্টাই করছে নিউজিল্যান্ডের ক্রিকেট কর্তৃপক্ষ। বার্ষিক এক মতবিনিময় সভায় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছে তারা। এক বিবৃতির মাধ্যমে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেছে, ‘বার্ষিক একটি সভায় আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক অধিনায়কদের। এই সভায় আলাপ-আলোচনার মাধ্যমে আমরা নিউজিল্যান্ডের ক্রিকেট অঙ্গনকে আরও এগিয়ে নিতে পারব।’ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমরা সাম্প্রতিক কিছু ইস্যুতে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছি এবং এসব ভুলভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণ করেছি। এখন ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করে এটাই নিশ্চিত করতে চায় যে ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যা এড়ানো যায় এবং সবার সঙ্গে যোগাযোগটা যেন আরও ভালোভাবে করা যায়।’