নিউজিল্যান্ড সিরিজে অক্ষয়-টুইঙ্কেলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটীয় আকর্ষণ তো থাকছেই, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ রং ছড়াতে পারে অন্য কারণেও। এই সিরিজ উপলক্ষেই ঢাকা আসছেন বলিউডের দুই তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না।অক্ষয়-টুইঙ্কেল দম্পতি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই মাইক্রোম্যাক্স মোবাইল ফোন কোম্পানি ৫ অক্টোবর থেকে শুরু সিরিজের টাইটেল স্পনসর। সিরিজ চলাকালে ঢাকায় তারা দুটি নতুন মডেলের ফোনসেটের বাজারজাত শুরু করবে। বিসিবির কাছ থেকে টাইটেল স্পনসরের স্বত্ব কেনা অ্যাড টাচের প্রধান নির্বাহী নেওয়াজ সোহাগ জানিয়েছেন, বলিউড দুই তারকা ঢাকায় আসবেন সে উপলক্ষেই। অ্যাড টাচ নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে দুই সিরিজেরই স্পনসর স্বত্ব কিনেছে এবং দুটিরই টাইটেল স্পনসর ভারতীয় মোবাইল ফোন কোম্পানি মাইক্রোম্যাক্স।স্পনসর স্বত্ব কিনে, অক্ষয়-টুইঙ্কেলকে এনে অ্যাড টাচ হয়তো ব্যবসায়িকভাবে সফল হবে, কিন্তু ক্রিকেট বিপণনে আবারও ব্যর্থতার পরিচয়ই দিয়েছে বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে সিরিজের টাইটেল এবং অন্যান্য স্পনসরশিপের দরপত্রে কেউই অংশ নেয়নি। পরে আলোচনার মাধ্যমে অ্যাড টাচের কাছে স্পনসরশিপ বিক্রি করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৬০০ ডলারে। অথচ দরপত্রে দুই সিরিজের জন্য বিসিবি ন্যূনতম দরই হাঁকত ৪ লাখ ডলার।