অবশেষে ঘোষিত হলো বিসিবির নির্বাচনের তারিখ। কিন্তু সেই তারিখটা পড়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের মধ্যে। আগামী ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে তার পরদিনই বিসিবির বহুল আলোচিত নির্বাচন। সকাল নয়টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ফলাফলও প্রকাশ হবে সেদিনই।
আবদুর রহমানকে প্রধান করে গত পরশু গঠিত নির্বাচন কমিশন গতকালই ঘোষণা করেছে নির্বাচনী তফসিল। তফসিল অনুযায়ী আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর ওপর আপত্তি গ্রহণ ও শুনানি হবে ২৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এর পর দিন। ১ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ, ৩ অক্টোবর মনোনয়নপত্র দাখিল ও ৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। ৬ অক্টোবর আপিল শুনানি, মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন ৭ অক্টোবর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেওয়া হবে সেদিনই। আর নির্বাচন ১০ অক্টোবর।
তফসিল ঘোষণার আগে কাল বিসিবিতে অস্থায়ী কমিটির জরুরি সভায় সারা দেশ থেকে পাওয়া কাউন্সিলরদের নাম এনএসসিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। কাউন্সিলর মোট ১৭৪ জন হওয়ার কথা থাকলেও সংখ্যাটা এখন ১৭২। সভা শেষের সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও বরিশাল শিক্ষা বোর্ড থেকে কাউন্সিলর হিসেবে কারও নাম পাঠানো হয়নি। তবে বিসিবির পাঠানো নির্দিষ্ট ফরম আর চিঠি যে পেয়েছেন, সেটা নাকি দুই জায়গা থেকেই নিশ্চিত করা হয়েছে।
কাউন্সিলর মনোনয়নপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন জেলা, বিভাগ ও ক্লাবের পক্ষ তোলা অভিযোগের প্রসঙ্গও উঠল সংবাদ সম্মেলনে। অনেক জায়গাতেই গঠনতন্ত্র অমান্য করে নাম পাঠানো হয়েছে কাউন্সিলরদের। এসব ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বারবার একই ব্যাখ্যা দিলেন, ‘আমরা যে কাউন্সিলর ফরম পাঠিয়েছি, সেই ফরমেই মনোনয়ন পেয়েছি। এ বিষয়ে যদি কোনো আপত্তি আসে, সেটা বিবেচনা করে দেখারও সুযোগ আছে। কিন্তু এ মুহূর্তে আমরা যেগুলো পেয়েছি, সবগুলো বৈধ হিসেবে ধরেই জাতীয় ক্রীড়া পরিষদকে দেব।’ আরেক প্রশ্নের জবাবে বলেছেন, ‘যেহেতু ফরমগুলো যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরসহ পেয়েছি, আমরা ধরে নিচ্ছি যথাযথভাবেই এটা হয়েছে এবং সে জন্যই গ্রহণ করেছি।’
নির্বাচনটা বহুল প্রত্যাশিত ছিল ঠিক, কিন্তু এখন সেটা নিউজিল্যান্ড সিরিজের সময় হচ্ছে বলে পরিস্থিতিটা বিসিবির জন্যই জটিল হয়ে উঠতে পারে। যদিও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সে রকম মনে করছেন না, ‘খেলা আর নির্বাচন দুটি আলাদা ব্যবস্থাপনায় হবে। খেলার সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। খেলার সঙ্গে নির্বাচনের কোনো সংঘর্ষ হবে বলে মনে হচ্ছে না।’