নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ!
শুধু সিরিজ হার নয়, নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জাই দিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭৪ রান তুলেছিলেন সাকিব আল হাসানরা। কিন্তু বাংলাদেশের বোলারদের তোপের মুখে এ রানও অতিক্রম করতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র তিন বল বাকি থাকতে তারা গুটিয়ে গেছে ১৭১ রানে। ৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ, আর কিউইরা পেয়েছে হোয়াইটওয়াশের লজ্জা!৪-৪-১-৩-০। সংখ্যাগুলো চেনা চেনা লাগছে? নিউজিল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানের স্কোরলাইন এটি! মাত্র ২০ রানেই রুবেল হোসেনরা বিদায় করেছিলেন এই পাঁচজনকে। নাটকীয়তায় মোড়ানো এ ম্যাচে এরপর বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ডেনিয়েলে ভেট্টোরি ও গ্রান্ট ইলিয়ট। কিন্তু উজ্জীবিত তরুণদের সামনে কি আর কোনো বাধা টিকতে পারে! প্রতিরোধের দেয়াল গুঁড়িয়ে ঠিকই কিউইদের লজ্জার সাগরে ডুবিয়ে দিয়েছেন রুবেল হোসেন-সাকিব আল হাসানরা। রুবেল ২৫ রানের খরচায় শিকার করেছেন চারটি উইকেট। সাকিব ও রাজ্জাক শিকার করেছেন দুটি করে উইকেট।এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ না দেখে থাকলে বড় একটা মিস করে ফেলেছেন। শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ৮ রান, আর বাংলাদেশের চাই মাত্র একটি উইকেট। সাকিব বল তুলে দিলেন রুবেল হোসেনের হাতে। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ নিউজিল্যান্ডের দিকে নিয়ে গেলেন মিলস। পুরো গ্যালারি যেন নিস্তব্ধ। দ্বিতীয় বলে কোনো রান হলো না। চার বলে নিউজিল্যান্ডের চাই মাত্র ৩ রান। কিন্তু নাটকীয়তার চূড়ান্ত পর্যায়টা তখনো বাকি। তৃতীয় বলটি করতে এলেন রুবেল। ব্যাটে লাগাতে পারেননি মিলস, রুবেলের বল সরাসরি আঘাত হেনেছে স্ট্যাম্পে!ভেট্টোরির ৪৩ আর এলিয়টের ৫৯ রানের ইনিংস কাজে লাগেনি। অবশ্য এভাবে বলাটা হয়তো ঠিক হচ্ছে না, কাজে লেগেছেও কিছুটা। না হলে যে হোয়াইটওয়াশের লজ্জা আরও আগেই পেতে হতো নিউজিল্যান্ডকে!অভিনন্দন: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, খেলোয়াড়, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।এক বার্তায় রাষ্ট্রপতি এই বিজয়ের জন্য দেশের ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি দলের সব খেলোয়াড়, কোচ, জাতীয় দলের কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে তাদের এই সাফল্য বজায় রাখবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় বলেন, নিউজিল্যান্ডের মতো টেস্টখেলুড়ে দেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি মাইলফলক। এ প্রসঙ্গে তিনি তাঁর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অর্জনের কথা স্মরণ করেন।শেখ হাসিনা বলেন, ‘নিউজিল্যান্ডকে বাংলাদেশের হোয়াইটওয়াশ প্রমাণ করেছে সরকারের পক্ষ থেকে যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হলে বাংলাদেশ যেকোনো খেলায় সর্বোচ্চ নৈপুণ্য দেখাতে পারে।’খালেদা জিয়া তাঁর অভিনন্দন বার্তায় এই বিজয়কে ঐতিহাসিক ও অবিস্মরণীয় হিসেবে উল্লেখ করে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।খালেদা জিয়া বলেন, বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়েরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের এই স্থানে উঠে এসেছে। এই জয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ খুবই আনন্দিত।ভবিষ্যতে ক্রিকেটাররা এভাবে দেশকে জয় উপহার দিয়ে দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও বিরোধীদলীয় নেতা আশাবাদ ব্যক্ত করেন।