নিউজিল্যান্ড ২৪৪ রানে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গালুরু টেস্টে বোলারদের আধিপত্য চলছেই। আজ টেস্টের তৃতীয় দিনে উইকেট পড়েছে ১৪টি। দিনশেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৩২ রান। দুই ইনিংস মিলিয়ে ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ২৪৪ রানে এগিয়ে আছে সফরকারী দল। নিউজিল্যান্ডের হাতে রয়েছে আরও একটি উইকেট।ভারতের প্রথম ইনিংসে সাতটি উইকেট তুলে নিয়েছিলেন টিম সাউদি। কিউই এই ফাস্ট মিডিয়াম বোলারের কবলে পড়েই ভারতীয়দের ইনিংস গুটিয়ে যায় ৩৫৩ রানে। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় সেই শোধটা নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৬৯ রান খরচায় এই ভারতীয় অফ স্পিনার শিকার করেছেন পাঁচ উইকেট। অশ্বিনের ঘূর্ণিতেই বেঙ্গালুরু টেস্টে চাপে পড়ে গেছে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।৫ উইকেটে ২৮৩ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল ভারত। আগের দিন বিরাট কোহলি ৯৩ ও ধোনি ৪৬ রানে অপরাজিত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই প্রত্যাশিত সেঞ্চুরিটা তুলে নেন কোহলি (১০৩)। ধোনি তুলে নেন হাফ সেঞ্চুরি (৬২)। ভারতীয়দের প্রথম ইনিংস অবশ্য খুব বেশি দূর এগোয়নি, থেমে যায় ৩৫৩ রানে। ইনিংস শেষ হওয়ার সময় ৩২ রানে অপরাজিত ছিলেন অশ্বিন। নিউজিল্যান্ডের হয়ে ৬৪ রানে সাতটি উইকেট শিকার করেন সাউদি।নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই চড়াও হন উমেশ যাদব। কিউই উদ্বোধনী দুই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল দুজনেই তাঁর শিকারে পরিণত হন। দিনের বাকি সময়ে অবশ্য আর কোনো উইকেটের দেখা পাননি যাদব। তাঁর সঙ্গে পাল্লা দিয়েই যেন প্রজ্ঞান ওঝা তুলে নেন দুটি উইকেট। এ দিন কিউই ব্যাটসম্যানদের যিনি সবচেয়ে বেশি অসহায়ত্ব ‘উপহার’ দিয়েছেন, তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অফ স্পিনে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের পাঁচজন ব্যাটসম্যান। অবস্থা এমন, সফরকারীদের ইনিংস গুটিয়ে যাওয়া যেন সময়ের ব্যাপার মাত্র। এ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন জেমস ফ্রাঙ্কলিন। অধিনায়ক রস টেলর ৩৫ এবং ড্যানিয়েল ফিন ও ফন উইক প্রত্যেকে ৩১ রান করেন। সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৬৫/১০টেলর ১১৩, উইক ৭১ওঝা ৫/৯৯, জহির ২/৮৩ভারত প্রথম ইনিংস: ৩৫৩/১০কোহলি ১০৩, ধোনি ৬২, রায়না ৫৫সাউদি ৬৪/৭, ব্রেসওয়েল ৯১/২নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৩২/৯(তৃতীয় দিনের খেলা শেষে)ফ্রাঙ্কলিন ৪১, টেলর ৩৫সূত্র: রয়টার্স।