নিউজিল্যান্ড ৩: ০ ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে স্মারক স্ট্যাম্প, মুখে হাসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ছেন রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালাম ওয়েবসাইট
হাতে স্মারক স্ট্যাম্প, মুখে হাসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ছেন রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালাম ওয়েবসাইট

জয়ের জন্য দরকার ৫, হাফ সেঞ্চুরির জন্য ৭। বরুন অ্যারনকে উড়িয়ে ছক্কা মারলেন ব্রেন্ডন ম্যাককালাম। এক রানের জন্য হাফ সেঞ্চুরি হলো না। তাতে কী! ম্যাচ এবং সিরিজ জয়ের আনন্দে নিউজিল্যান্ড অধিনায়ক তখন উড়ছেন। অন্য প্রান্তে সেঞ্চুরিয়ান রস টেলর এতটাই উচ্ছ্বসিত, জয়ের স্মারক হিসেবে তুলে নিলেন দুটি স্টাম্প।
আগের ম্যাচে হারতে হারতে টাই করা ভারত আশায় ছিল ঘুরে দাঁড়ানোর। হ্যামিল্টনে কাল চতুর্থ ম্যাচে ভারতকে সেই সুযোগ দেয়নি নিউজিল্যান্ড। বাংলাদেশে এসে সম্প্রতি ওয়ানডেতে ৩-০ তে ধবলধোলাই হয়েছিল, সেই নিউজিল্যান্ডই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে গেল এক ম্যাচ বাকি থাকতেই। টেলরের নবম ওয়ানডে সেঞ্চুরিতে ভারতের ২৭৮ রান স্বাগতিকেরা টপকে গেছে ১১ বল হাতে রেখে। জয় ৭ উইকেটে। তৃতীয় ম্যাচ টাই হওয়ায় ৫-০-র সুযোগ নেই। তবে ৩-০তে এগিয়ে যাওয়া নিউজিল্যান্ড ৪-০ স্বপ্ন দেখতেই পারে। আগামী পরশু ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচ।  সেটিতে জিতে ইতিমধ্যে শীর্ষস্থান হারানো ভারত অন্তত ৩-১ করে লজ্জা খানিক এড়াতে চাইবে নিশ্চয়ই।
ঘুরে দাঁড়াতে কাল ধাওয়ান ও রায়নাকে বাইরে রেখে খেলতে নেমেছিল ভারত। কোনো বিশেষজ্ঞ ওপেনার ছাড়াই ওপেনিং জুটি! রোহিতের সঙ্গে কোহলি। ধোনির আরেক চমক, এশিয়ার বাইরে টস জিতে টানা ২০ ম্যাচে বোলিং নিয়েছিলেন। কাল নিলেন ব্যাটিং।সাউদি-মিলসের তোপে প্রথম ১০ ওভারে ভারতের রান মাত্র ২৮। কোহলি, রাহানে, রাইডু—ভারতের প্রথম তিন
ব্যাটসম্যানই আউট শর্ট বলে। দুবার জীবন পাওয়া রোহিত করলেন ৭৯ রান। ষষ্ঠ উইকেটে ধোনি-জাদেজার ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটির কল্যাণে ভারত পেল লড়াকু পুঁজি। শেষ ১০ ওভারে এল ১০০ রান।
নিউজিল্যান্ড ৭ ওভারেই করে ফেলে ৫৪। গাপটিল, রাইডার ফিরে গেলেও রানে থাকা দুই ব্যাটসম্যান উইলিয়ামসন-টেলরের ১৩০ রানের জুটি দলকে রাখল জয়ের রাস্তাতেই। সিরিজের চার ম্যাচেই হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসন ৬০ করে ফিরলেও টেলর পেলেন নিজের নবম সেঞ্চুরি। আগের দু ম্যাচেই ‘ডাক’ মারা ম্যাককালাম কালও শুরুতে ছিলেন অস্বস্তিতে। শেষ পর্যন্ত জুজু কাটিয়ে টেলরের সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৭৮/৫ (ধোনি ৭৯*, রোহিত ৭৯, জাদেজা ৬২*, রাইডু ৩৭; সাউদি ২/৩৬)। নিউজিল্যান্ড: ৪৮.১ ওভারে ২৮০/৩ (টেলর ১১২*, উইলিয়ামসন ৬০, ব্রেন্ডন ৪৯*, গাপটিল ৩৫, রাইডার ১৯; অ্যারন ১/৫১, সামি ১/৬১)। ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। সিরিজ: পাঁচ সিরিজে নিউজিল্যান্ড ৩-০তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: রস টেলর।