নিউজিল্যান্ডই বেশি চাপে
সিরিজের তৃতীয় ওয়ানডেটিকেই সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ বলেছিলেন দুদলের ক্রিকেটাররা। কিন্তু সেটি জিতে নিয়ে সিরিজে ২-১-এ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আজ চতুর্থ ওয়ানডের আগে তাই বাড়তি চাপটা থাকছে ড্যানিয়েল ভেট্টোরির দলের ওপরই। সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে তাদের।চাপের কথা স্বীকার করে নিচ্ছেন নিউজিল্যান্ডের কোচ মার্ক গ্রেটব্যাচ, ‘২-১ ব্যবধানে লিড তাদের। বাকি দুটি ম্যাচ জিততেই হবে আমাদের।’এই চাপের বাইরে নিউজিল্যান্ডের আছে আরেক চাপ—দলটি ইনজুরিগ্রস্ত। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় আগের ম্যাচে খেলা হয়নি অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের। চোট থাকলেও শেষ পর্যন্ত খেলেছেন রস টেলর। তবে তৃতীয় ম্যাচেই নতুন করে চোট পেয়েছেন ড্যারিল টাফি। তবে আজকের ম্যাচে তিনজনকেই পাওয়ার আশায় বসেছিলেন নিউজিল্যান্ড কোচ মার্ক গ্রেটব্যাচ, ‘গতকাল (মঙ্গলবার) টেলরকে দেখে ভালোই মনে হয়েছে। টাফি এবং ফ্র্যাঙ্কলিনকেও ভালো দেখাচ্ছে। এরা যদি ফিট হয়ে ওঠে তাহলে কিছু পরিবর্তন দেখা যাবে।’প্রথম দুই ম্যাচের নিষ্পত্তি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর। কিন্তু তৃতীয় ম্যাচে বলতে গেলে সহজ জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মাইকেল ক্লার্ক দেশে ফিরে গেলেও নিউজিল্যান্ডের ২৪৫ রান তারা টপকে যায় ৪৭.২ ওভারে, ৬ উইকেট হাতে রেখেই। হ্যামিল্টনে ম্যাচ শেষেই অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং জানিয়ে দিয়েছেন এই ফর্মটাকেই তাঁরা ধরে রাখতে চান, ‘যদি এ ম্যাচ থেকে কিছু ছন্দ নেওয়ার থাকে সে আমাদেরই আছে। শুরুটা দারুণ করতে পারলে বৃহস্পতিবারের ম্যাচে গতিটাও আমরা ধরে রাখতে পারব বলে আশা করি।’ ওয়েবসাইট।